স্বমহিমায় ফিরে এলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। খড়্গপুর বিধানসভা থেকে তিনি একবারই জিতেছেন। কিন্তু এটা তাঁর গড় বলেই পরিচিত। সেই খড়্গপুর (Kharagpur) থেকেই দিলীপকে প্রার্থী করল বিজেপি। সোমবার তাঁর নাম ঘোষণা হতেই উচ্ছ্বসিত বিজেপি কর্মী-সমর্থকরা (BJP Workers)। আবির খেলতে খেলতেই বলে দিলেন, ‘দিলীপদার জয় সময়ের অপেক্ষা মাত্র।’ জয়ী বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় আপাতত ব্যাকফুটে।
২০১৬ সালে প্রথমবার বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। পরাজিত করেছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা তথা পশ্চিমবঙ্গ বিধানসভার ‘অজাতশত্রু’ বিধায়ক জ্ঞান সিং সোহনপালকে। শেষ নয়। ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের পোড়খাওয়া নেতা মানসরঞ্জন ভুঁইয়াকে বিপুল ভোটে পরাজিত করে মেদিনীপুরের সাংসদও নির্বাচিত হয়েছিলেন তিনি।
২০২৪ সালে খেলা ঘুরে যায়। দিলীপকে চেনা মাঠ থেকে সরিয়ে পাঠিয়ে দেওয়া হয় বর্ধমান-দুর্গাপুর আসনে। খড়্গপুরে প্রার্থী করা হয় অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে। তিনি জেতেন। কিন্তু বিজেপির ‘দাবাং’ নেতা দিলীপ হেরে যান। অন্য দিকে মেদিনীপুর লোকসভা আসনটিও হাতছাড়া হয় বিজেপির। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দিলীপ। তার পর থেকেই দূরত্ব বাড়তে শুরু করে। সস্ত্রীক দিঘার জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার পরে সাধারণ কর্মী-সমর্থকরাও চটে গিয়েছিলেন তাঁর উপরে।
তবে শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর থেকে ফের হাওয়া ঘুরতে শুরু করে। দিলীপও তাঁর হারানো সাম্রাজ্য ধীরে ধীরে ফিরে পেতে শুরু করেন। এ বার খড়্গপুর সদর থেকেই প্রার্থী হলেন তিনি। গত শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতেও ইঙ্গিত মিলেছিল। এ দিন প্রার্থী তালিকায় খড়্গপুরে তাঁর নাম ঘোষণার পরেই উল্লাসে ফেটে পড়েন কর্মীরা।
প্রার্থী হওয়ার পরে দিলীপ কোনও মন্তব্য করেননি। তবে বিজেপির জেলা সভাপতি সমিত মন্ডল বললেন, ‘শুধু জয়ের অপেক্ষা! কর্মীরা প্রস্তুত।’ তবে হিরণের সঙ্গে দিলীপের অম্লমধুর সম্পর্ক নিয়ে খোঁচা দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। তিনি বললেন, ‘বিজেপি আগে হিরণ বাবুকে সামলাক। পরে তৃণমূলকে সামলাবে। গত পাঁচ বছরে খড়্গপুরবাসী তো দিলীপ বাবু আর হিরণ বাবুর কোন্দলই দেখেছে। তবে আমরাও চমক দেব।’
খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণকে এদিন বারবার ফোন করলেও তিনি সাড়া দেননি। মেসেজেরও উত্তর দেননি। তবে সমাজ মাধ্যমে নিজের সাফল্যের খতিয়ান দিয়ে একের পর এক পোস্ট করেছেন তিনি। কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হিরণ।