২০২৬-এর নির্বাচনে হটস্পট ‘নন্দীগ্রাম’ না ‘ভবানীপুর’, আলোচনা চলছিল। সোমবার বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশের পরেই ফোকাস ঘুরেছে ভবানীপুরে। তবে পালাবদলের আগে জমি আন্দোলনের ‘তীর্থভূমি’ নন্দীগ্রাম থেকে স্পটলাইট পুরোপুরি কেড়ে নিতে দিলেন না শুভেন্দুই। অনেকটা লোকসভা নির্বাচনের কায়দায় এ বার তিনি দুই জায়গা থেকে প্রার্থী। তা হলে নন্দীগ্রামে শুভেন্দু বনাম কে? শুধু নন্দীগ্রামের বাসিন্দারাই নন, গোটা রাজ্যের বাসিন্দাদের মনেই ঘুরছে সে প্রশ্ন। শোনা যাচ্ছে, অনেক নাম। তবে শাসকদলের এক প্রথম সারির নেতার নাম নিয়ে জোর চর্চা চলছে।
তৃণমূল সূত্রে খবর, ভবানীপুর কেন্দ্র থেকেই এ বার নির্বাচনে লড়বেন— এই জল্পনার অবসান ঘটিয়েছেন মমতা নিজেই। কয়েকদিন আগেই একটি সরকারি অনুষ্ঠান থেকে সে কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। বিজেপির বিরুদ্ধে খোঁচা দিয়ে মমতা বলেছিলেন, ‘ভবানীপুর থেকে আমিই জিতব। এক ভোটে হলেও আমি জিতব।’ প্রধান বিরোধী গেরুয়া শিবিরও বুঝে যায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আসন নিয়ে এ বার ‘ব্যতিক্রমী’ সিদ্ধান্ত নিচ্ছেন না।
উল্লেখ্য, নন্দীগ্রামে তৃণমূলের ‘ক্ষত’ এখনও দগদগে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০২১ সালে শাসকদল ক্ষমতায় ফিরলেও নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হারতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে।
তবে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কালঘাম ছোটাতে চমকদার প্রার্থী ভেবে রেখেছে রাজ্যের শাসকদল। নন্দীগ্রামের বাতাসে একাধিক নাম ভেসে বেড়াচ্ছে। সেই তালিকায় রয়েছে তৃণমূলের জনপ্রিয় এক মুখপাত্র। কেউ বলছেন, তৃণমূলের মিতভাষী এক নেতা, ২১-এর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে ফের ‘ঘরে’ ফিরে ভিনরাজ্যে দায়িত্ব পান—সেই নেতাকে শুভেন্দু অধিকারী বিরুদ্ধে দাঁড় করানো হতে পারে। আবার কেউ বলছেন, নন্দীগ্রামের মাটি থেকেই উঠে আসা এক তরুণ প্রজম্মের মহিলা প্রতিনিধিকে নিয়ে বাজি ধরতে চলছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তিনি। শোনা যাচ্ছে, বিজেপির এক নেতার নামও। যাঁর ভাবমূর্তি বেশ উজ্জ্বল। আগামিকালই তৃণমূলে যোগদান করবেন তিনি। তবে দলের অন্দরে কানাঘুষো, দলের এক হেভিওয়েট নেতাই সেখানে দাঁড়াবেন। সেই নাম চমকে দেওয়ার মতো। সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিত কুমার রায়ক বলেন, 'রাজ্য নেতৃত্ব ঠিক করেন। মঙ্গলবার তালিকা প্রকাশিত হবে। এখন আমরা জানি না কে প্রার্থী হচ্ছেন। তবে যাঁকেই প্রার্থী করুক নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবেন।' বলাইবাহুল্য, নেত্রীই প্রার্থীর নাম চূড়ান্ত করবেন।
অন্যদিকে, সোমবার মোট ১৯২টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে বামফ্রন্ট। তবে সেই তালিকায় ছিল না নন্দীগ্রাম। আলিমুদ্দিন সূত্রে খবর, নন্দীগ্রাম থেকে সিপিআই প্রার্থী দিতে পারে। সিপিআইয়ের তরুণ প্রার্থীর নাম ঘোরাফেরা করছে এই কেন্দ্রের বাম শিবিরে।