• আসন নিয়ে কোন্দল বামফ্রন্টে, বিমানকে চিঠি ক্ষুব্ধ ফরওয়ার্ড ব্লকের
    বর্তমান | ১৬ মার্চ ২০২৬
  • কলকাতা, ১৬ মার্চ: বাংলায় আসন কমে শূন্যে নেমে এলেও দম্ভ কমেনি সিপিএমের! যার জেরে ভোটের মুখে প্রশ্নের মুখে বাম ঐক্য। বামফ্রন্টে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া আগে একতরফা ভাবে সাত আসনে প্রার্থী দিয়েছে সিপিএম। জোটের বড় শরিকের এহেন ‘দাদাগিরি’তে কার্যত বিদ্রোহ ঘোষণা করল ফরওয়ার্ড ব্লক। এনিয়ে সোমবার ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে কড়া ভাষায় চিঠি লিখলেন দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তাঁরা নিজেদের সিদ্ধান্ত অনড়। অর্থাৎ, বল এবার মহম্মদ সেলিমদের কোর্টে।

    রবিবার রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর ২৪ ঘণ্টার মধ্যে প্রথম দফায় ১৯২ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বামেরা। কলকাতায় সাংবাদিক বৈঠকে জোটের শরিক দলগুলির নেতৃত্বকে পাশে বসিয়ে এই তালিকায় প্রকাশ করেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রথম দফার তালিকা অনুযায়ী সিপিএম লড়বে ১৪০টি আসনে। ফরওয়ার্ড ব্লকের জন্য বরাদ্দ হয়েছে ২১টি। এছাড়া আরএসপি-কে ১৩ আসনে, সিপিআই-কে ১৬ আসন ছাড়া হয়েছে। পাশাপাশি এমএফবি এবং আরসিপিআই একটি করে আসনে লড়বে। কিন্তু এর কয়েক ঘণ্টার মধ্যে ছন্দপতন। নেতাজির দল ক্ষুব্ধ কেন? জট কোথায়?

    বিমানকে লেখা চিঠিতে অসন্তোষের কারণ স্পষ্ট করে দিয়েছে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। সেখানে বলা হয়েছে, তাদের মোট ২২টি আসনে প্রার্থীর নাম জানাতে বলা হয়েছিল। অথচ এদিন প্রকাশিত তালিকায় জলপাইগুড়ি সদর, কোচবিহার উত্তর, হরিশচন্দ্রপুর এবং গলসি- এই চারটি আসনে একতরফাভাবে সিপিএম প্রার্থীর নাম জুড়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে এমন ঘোষণায় তাঁরা ক্ষুব্ধ। এই চারটির পাশাপাশি আলোচনার স্তরে থাকা রানিনগর, সিতাই এবং মধ্যমগ্রাম আসনে নিজেদের দাবি থেকেও তাঁরা এক পা নড়ছেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন নরেন চট্টোপাধ্যায়রা। অর্থাৎ, এই সাতটি আসনে তাঁরা প্রার্থী দিতে বদ্ধ পরিকর।

    এখানেই শেষ নয়। ওই চিঠিতে ফঃবঃ রাজ্য সম্পাদক আরও লিখেছেন, ‘আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক সম্মেলনে আমাকে বসিয়ে রেখে ২২টি আসনের মধ্যে শ্যমপুকুরে প্রার্থীর নাম ঘোষণা করা হল না। এতে আমরা বিস্মিত ও ক্ষুব্ধ।’ পরে এই চিঠি প্রসঙ্গে নরেন চট্টোপাধ্যায় বলেন, ভবিষ্যতে ভুল বোঝাবুঝি যাতে না হয়, সে জন্য আমরা আলোচনায় বসতে চেয়েছি।’
  • Link to this news (বর্তমান)