• সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে মানুষ? কর্মীদের খোঁজ নিতে নির্দেশ তৃণমূলের
    বর্তমান | ১৬ মার্চ ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: বিধানসভা ভোটের দিন ঘোষণার পর শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির ব্যস্ততা। রায়দিঘি বিধানসভার ১৭টি অঞ্চলের নেতাদের সঙ্গে বৈঠকে বসলেন সুন্দরবন সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি ও মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার। কর্মীদের প্রতি নির্দেশ, সরকারি প্রকল্পের সুবিধা কতটা পেয়েছে মানুষ তা নিয়ে খোঁজখবর করতে হবে। যেতে হবে বাড়ি বাড়ি।

    বৈঠকে রায়দিঘি বিধানসভা এলাকার ওই ১৭ অঞ্চলের পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতি, যুব সভাপতি, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েতের উপ প্রধানরা উপস্থিত ছিলেন। তাঁদের বলা হয়েছে, যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে কোনও অসুবিধা হচ্ছে কি না তা খোঁজ নিয়ে দেখতে হবে। মানুষের বাড়ি যেতে হবে প্রধান, উপপ্রধান ও অঞ্চল সভাপতিদের। পাশাপাশি নির্দেশ, যে বুথগুলিতে তৃণমূল পিছিয়ে আছে সেখানে বাড়ি বাড়ি যাওয়ার ক্ষেত্রে জোর দিতে হবে। সরকারি প্রকল্পের প্রচার পৌঁছে দিতে হবে। লিড বাড়ানোর দিকে দিতে হবে নজর। বিধানসভা ভোটে দলের প্রার্থীকে জেতাতে সর্বোতভাবে ঝাঁপিয়ে পড়তে হবে নেতাকর্মীদের। কোনোরকম বিভেদ বরদাস্ত করা হবে না। এর সঙ্গে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে সবাইকে। খারাপ ব্যবহারের অভিযোগ পেলে অন্যথায় ব্যবস্থা নেবে দল। বৈঠকে অনেকে সাংসদের কাছে অভিযোগ করে বলেন, পঞ্চায়েত অফিসে কাজের জন্য গিয়ে ফিরে আসতে হচ্ছে। এই বিষয়ে সাংসদের নির্দেশ, পঞ্চায়েতে যাওয়ার পরও কাজ না হলে অভিযোগ জানাতে হবে। দল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
  • Link to this news (বর্তমান)