• শিবপুরে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ
    আজকাল | ১৭ মার্চ ২০২৬
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বেজে উঠেছে। সোমবার একে একে রাজনৈতিক দলগুলি প্রার্থী তালিকা প্রকাশ্যে আনছে। সামনে এসেছে বিজেপির প্রার্থী তালিকা। প্রথম দফার ১৪৪ প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। আর এরই মধ্যে হাওড়ার গুরুত্বপূর্ণ কেন্দ্র শিবপুর নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। জানা যাচ্ছে, এই 'হাই-প্রোফাইল' কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তুরুপের তাস হতে চলেছেন অভিনেতা-রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ।

    ২০২১ সালের নির্বাচনে রুদ্রনীল ঘোষ ভবানীপুর কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে ২৮,৭১৯ ভোটের ব্যবধানে হেরে যান। তবে গত কয়েক বছরে দলের অন্দরে তাঁর সক্রিয়তা এবং সাংগঠনিক কাজে তাঁর দক্ষতা বিচার করে এবার তাঁকে শিবপুরের মতো একটি ‘চ্যালেঞ্জিং’ আসনে পাঠানোর কথা ভাবছে বিজেপি নেতৃত্ব। শিবপুর মূলত একটি মিশ্র জনবসতিপূর্ণ এলাকা, যেখানে শিল্পী মহলের পরিচিত মুখ হিসেবে রুদ্রনীলের জনপ্রিয়তা দলের বাড়তি পাওনা হতে পারে।

    সূত্রের খবর, রুদ্রনীলকে এই কেন্দ্রে প্রার্থী করে একদিকে যেমন ‘সেলিব্রিটি ফ্যাক্টর’ কাজে লাগানো যাবে, অন্যদিকে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা তৃণমূলের অভিজ্ঞ প্রার্থীদের টক্কর দিতে সাহায্য করবে। যদিও রুদ্রনীল ঘোষ নিজে এখনও আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থিপদ নিয়ে কিছু জানাননি। তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল আজকাল ডট ইন-এর পক্ষ থেকে, কিন্তু ফোনে তিনি অধরা।

    ২০২৬-এর এই মহারণে শিবপুরের মানুষ কি তাঁদের ঘরের ছেলে রুদ্রনীলকে বেছে নেবেন, নাকি ঘাসফুল শিবিরের দাপট অব্যাহত থাকবে, তার উত্তর মিলবে ব্যালট বাক্স খুললেই।

    প্রসঙ্গত, সোমবার একে একে রাজনৈতিক দলগুলি প্রার্থী তালিকা প্রকাশ্যে আনছে। বামেদের প্রার্থী তালিকা ঘোষণার পরেই, সামনে এসেছে বিজেপির প্রার্থী তালিকা। প্রথম দফার ১৪৪ প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তালিকায় চমক একের পর এক। গত কয়েকদিন ধরে জল্পনা ছিল, নন্দীগ্রামের পাশাপাশি এবারে আরও একটি আসন থেকে লড়বেন শুভেন্দু অধিকারী। ২০২১-এর নির্বাচনে মুখোমুখি লড়েছিলেন শুভেন্দু-মমতা। এবারেও এখনও তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা না করলেও, মমতা ব্যানার্জি যে ভবানীপুর থেকে লড়বেন, তা একপ্রকার নিশ্চিত। দেখা গেল, নন্দীগ্রামের পাশাপাশি এবারে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু অধিকারী।
  • Link to this news (আজকাল)