• বাংলায় ৬০ কিমি বেগে ঝড়, টানা বর্ষণের পূর্বাভাস; বিরাট সতর্কতা জারি
    আজ তক | ১৭ মার্চ ২০২৬
  • পশ্চিমবঙ্গে বিরাট সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের। ৬০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে ঝড়। জানাল হাওয়া অফিস। সেজন্য মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছ। 

    হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টি, বিদ্যুৎ চমকানো এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।

    আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গের ওপর দিয়ে একটি স্কোয়াল বা ঝোড়ো হাওয়া বয়ে গেছে মালদা জেলার উপর দিয়ে। দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা এই ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৫৬ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। একইভাবে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা জেলায় উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। এর ফলে কয়েকটি জেলায় অল্প থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি দমকা হাওয়া লক্ষ্য করা গেছে।

    গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কুমারগ্রাম টি এস্টেটে ১৩ সেন্টিমিটার এবং ভুটানঘাট এলাকায় প্রায় ১২ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ কম হলেও পুরুলিয়ার তুসুমা এলাকায় প্রায় ৩ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও হুগলি জেলার কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

    ১৬ মার্চ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

    ১৭ মার্চ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তর ২৪ পরগনা জেলায়। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে।

    উত্তরবঙ্গেও একই ধরনের আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রপাত, বিদ্যুৎ চমকানো এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ১৯ ও ২০ মার্চের দিকে কিছু এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

    আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঝড়ের সময় খোলা জায়গায় বজ্রপাতের ঝুঁকি বেশি থাকে। তাই সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়ের সময় কাঁচা ঘর, আলগা কাঠামো বা ধাতব শিট থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গাছপালা ও কৃষিজ ফসলের ক্ষতির আশঙ্কাও রয়েছে।

    মৎস্যজীবীদের জন্যও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গ উপকূলবর্তী সমুদ্র এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এবং সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। তাই এই সময়ের মধ্যে সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    সব মিলিয়ে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় অস্থির আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনার কারণে প্রশাসন ও আবহাওয়া দফতর সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
     
  • Link to this news (আজ তক)