উত্তরপাড়ায় মীনাক্ষী, দমদম উত্তরে দীপ্সিতা, বামেদের প্রথম দফার প্রার্থী তালিকায় প্রাধান্য পেল তরুণ মুখ
দৈনিক স্টেটসম্যান | ১৭ মার্চ ২০২৬
বামেদের প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে, বিকাশরঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়, দিপ্সীতা ধর, কলতান দাশগুপ্ত-সহ একাধিক গুরুত্বপূর্ণ মুখকে প্রার্থী করেছে সিপিএম। অন্যদিকে ভোটে লড়ছেন না তরুণ নেতা শতরূপ ঘোষ। তবে প্রার্থী তালিকায় তরুণ মুখের আধিক্য বেশি দেখা গিয়েছে। রয়েছে বেশ কয়েকটি নতুন মুখও। প্রথম দফার প্রার্থী তালিকায় নেই মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্যের নাম।
সোমবার দুপুরে মুজফফর আহমেদ ভবনে বামফ্রন্টের শরিকদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিমান বসু। সেখানেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)–এর সঙ্গে জোট হয়েছে বামেদের। সেই কারণে এই নির্বাচনে নওশাদ সিদ্দিকীর দলকে আসন ছাড়া হবে। তবে কত আসন তাদের ছাড়া হবে তা এখনও জানা যায়নি।
এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, ‘এবারের লড়াই দেশের নয়া ফ্যাসিবাদী শক্তি বিজেপি এবং রাজ্যের স্বৈরাচারি তৃণমূলের বিরুদ্ধে। রাজ্যের মানুষকে দুর্দশা থেকে মুক্তি দেওয়ার জন্য রাজ্যে বামপন্থার পুনরুত্থান দরকার। এখনও অনেক ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত। তাঁদের বাদ দিয়ে ভোট করা যাবে না। ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রের কথা বলা শোভা পায় না।’
সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘আমরা বলেছিলাম ভোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করব। আমরা তা করেছি। কমিশনকে মনে রাখতে হবে ভোটারকে বাদ দিয়ে কখনও ভোটের প্রক্রিয়া চলতে পারে না। এই কমিশন এবং রাজ্য ও কেন্দ্র সরকারের আধিকারিকরা সঠিক ভোটার তালিকা তৈরি করতে ব্যর্থ। তাই আজ বিচার বিভাগকে তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।
আমরা বলছি আগে তালিকা তারপর ভোট।’ তিনি জানান, সংবিধান ভোট দেওয়ার ও ভোটে লড়াই করার অধিকার দিয়েছে। কিন্তু যাঁর নাম বিবেচনাধীন তালিকায় তিনি কীভাবে ভোট দেবেন বা ভোটে দাঁড়াবেন? সেলিম জানিয়েছেন, তাঁরা এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হবেন।