• নৈহাটি বিধানসভা কেন্দ্রে বড় চমক, বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি
    এই সময় | ১৭ মার্চ ২০২৬
  • রাজ্যের বিধানসভা ভোটের প্রার্থী তালিকায় বড় চমক দিল বিজেপি। প্রার্থী করা হলো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankim Chandra Chattopadhaya) পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায়কে। নৈহাটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুমিত্র।

    চলতি বছরেই ‘বন্দে মাতরম’-র সার্ধশতবর্ষ ঘটা করে পালন করেছে কেন্দ্রীয় সরকার। সংসদে ‘বন্দে মাতরম’ (Vande Mataram) নিয়ে আলোচনাও হয়। কিন্তু বিতর্ক দেখা দেয় সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করায়। এই নিয়ে প্রধানমন্ত্রী এবং বিজেপিকে নিশানা করেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই আবহেই ফেব্রুয়ারি মাসে বিজেপিতে যোগ দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের পঞ্চম প্রজন্মের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায়। রাজ্য শ্রম দপ্তরের প্রাক্তন আধিকারিক তিনি।

    রবিবার প্রকাশিত হয়েছে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। আর সোমবারই, নয়াদিল্লি থেকে প্রথম দফায় ১৪৪টি বিধানসভা আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি (BJP)। সেই তালিকাতেই নাম আছে সুমিত্র চট্টোপাধ্যায়ের।

    প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্রকে ‘বঙ্কিমদা’ বলে উল্লেখ করা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তাতে কিছুটা হলেও অস্বস্তিতে পড়ে বিজেপি। ওই সম্বোধনকে ‘বাঙালি ও বাংলা বিরোধী’ বলে বিজেপিকে আক্রমণ করে তৃণমূল কংগ্রেস। সেই বিতর্কের পরে বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্যকে প্রার্থী করে বিজেপি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে বলেও মনে করছেন অনেকে।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নৈহাটিতে (Naihati) বঙ্কিমচন্দ্রের স্মৃতি ও ঐতিহ্যকে সামনে রেখে ভোটের ময়দানে নামানোর কৌশল নিয়েছে বিজেপি। সেই কারণেই এই আসনে বঙ্কিমচন্দ্রের বংশধরকে প্রার্থী করে প্রতীকী রাজনৈতিক বার্তাও দিতে চেয়েছে বিজেপি।

    যদিও নৈহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সংগঠন অত্যন্ত শক্তিশালী। অন্যদিকে, বিজেপির সংগঠন তুলনামূলকভাবে দুর্বল বলেই দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। ফলে সাহিত্য সম্রাটের জন্মভূমিতে তাঁর পরিবারের সদস্যকে প্রার্থী করায় রাজনৈতিক লড়াই আরও জমজমাট হতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

    যদিও তৃণমূলের দাবি, এই ‘প্রতীকী প্রার্থী’ দিয়ে বাঙালির ভাবাবেগে লাগা আঘাতের প্রলেপ দেওয়া সম্ভব নয়। উল্টে তা রাজনৈতিকভাবে বুমেরাং হতে পারে বলেই দাবি তাদের।

    নৈহাটি আসনে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এবং বামফ্রন্টের (Left Front) প্রার্থী কে হবেন তা এখনও জানা যায়নি। সোমবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামফ্রন্ট। তবে এই তালিকায় নৈহাটি আসনে প্রার্থীর নাম নেই। আজ, মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস।

    এখন, নির্বাচনী লড়াইয়ে বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্য কতটা সাফল্য পান এবং শাসক দলের বিরুদ্ধে কতটা লড়াই গড়ে তুলতে পারেন তা দেখার অপেক্ষায় নৈহাটি কেন্দ্রের বাসিন্দারা।

  • Link to this news (এই সময়)