• প্রার্থী তালিকা ঘোষণার পরেই দল ছাড়ার ঘোষণা বিজেপি নেতার, দলীয় অফিসেও ভাঙচুর
    এই সময় | ১৭ মার্চ ২০২৬
  • আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ১৪৪ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি (BJP)। বেশ কিছু আসনে রাখা হয়েছে দলের বর্তমান বিধায়কদের। সেই সঙ্গেই পুরনোদের প্রতি আস্থা রাখার পাশাপাশি বেশ কয়েকটি আসনে দেওয়া হয়েছে নতুন মুখ। আর প্রার্থী তালিকা ঘোষণা করতেই শুরু হয়েছে কোন্দল। প্রার্থী পছন্দ না হওয়াই কোথাও দল ছেড়েছেন বিজেপি নেতা। কোথাও আবার দলের অফিসে ভাঙচুর করে বিক্ষোভ দেখিয়েছেন দলের কর্মীরা।

    সোমবারই প্রকাশ করা হয়েছে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা। সেই তালিকা দেখে একাধিক আসনে খুশি হতে পারেননি দলের কর্মীদের একাংশ। প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছেন তাঁরা।

    পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার মহিষাদলে প্রার্থী করা হয়েছে সুভাষ পাঁজাকে। পেশায় ব্যবসায়ী সুভাষ পাঁজা বিজেপির নতুন মুখ। তবে তাঁকে প্রার্থী হিসেবে মেনে নিতে নারাজ মহিষাদলের (Mahishadal) বিজেপি নেতা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় ও দীপককুমার জানা। সোমবার রাতেই দল ছাড়ার কথা জানিয়েছেন তাঁরা। প্রার্থী পছন্দ না হওয়াতেই এই সিদ্ধান্ত বলে দলের রাজ্য সভাপতির পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা বিজেপির সভাপতিকেও লিখিত ভাবে এই কথা জানিয়েছেন তাঁরা। পুরনোদের গুরুত্ব না দিয়ে নতুনদের প্রার্থী করায় এই সিদ্ধান্ত বলেও জানিয়ছেন তাঁরা। এ বার অন্য কোনও দলে যোগ দেবেন কী না তা স্পষ্ট করে জানাননি তাঁরা।

    প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে মহিষাদল আসনে প্রার্থী হয়েছিলেন বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সদস্য। আর দীপক ছিলেন মহিষাদল মন্ডল-৫-এর সাধারণ সম্পাদক।

    অন্য দিকে, আলিপুরদুয়ার (Alipurduar) বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে পরিতোষ দাসের নাম ঘোষণা করেছে বিজেপি। তাঁকে প্রাথী করায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সোমবার রাতেই দলীয় অফিসে ভাঙচুর চালান কর্মীদের একাংশ। টায়ায় জ্বালিয়েও বিক্ষোভ দেখান তাঁরা।তাঁদের অভিযোগ,, যাঁকে প্রার্থী করা হয়েছে তিনি তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ট। রানা দাস নামে এক বিজেপি কর্মী জানিয়েছেন, তাঁরা প্রার্থী হিসেবে পরিতোষ দাসকে চাইছেন না। প্রার্থী বদল না করলে আন্দোলন চলবে বলেও জানিয়েছেন তিনি।

    কর্মীদের এই ক্ষোভের বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হবে জানিয়েছেন আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি মিঠু দাস।

  • Link to this news (এই সময়)