গত বিধানসভা নির্বাচনে প্রচারের সময়ে নন্দীগ্রামে একটি খুঁটিতে আঘাত লাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার রাতে সেই খুঁটি পুজো করে প্রচার শুরু করলেন বিজেপি (BJP) কর্মীরা।
গত বছর নন্দীগ্রাম আসনে হাই-ভোল্টেজ নির্বাচনে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরে ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো।
এ বার নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও (Bhabanipur) বিজেপির প্রার্থী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবারই ঘোষণা করা হয়েছে প্রার্থীর নাম। আর তার পরেই শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে ফের জেতাতে কোমর বেঁধে নেমে পড়লেন বিজেপি কর্মীরা। তাঁদের প্রচার শুরু হলো নন্দীগ্রাম -২ ব্লকের বিরুলিয়া বাজারে। গত বারে বিরুলিয়া বাজারে যেখানে আহত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই জায়গা থেকেই। সোমবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায় আঘাতপ্রাপ্ত খুঁটিতে পুজো করে নন্দীগ্রামে(Nandigram) প্রচার শুরু করেন বিজেপি কর্মীরা।
কী কারণে এই খুঁটি পুঁজো?
নাম ঘোষণার আগেই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সমর্থনে শুরু হয়ে যায় দেওয়াল লিখন। আর নাম ঘোষণা হতেই উল্লাসে মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থকরা। ব্যান্ড পার্টি নিয়ে সোজা চলে যান বিরুলিয়া বাজারে। সেখানে যে খুঁটিতে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই খুঁটিতে পুজো করেন তাঁরা।
তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পাল বলেন ‘মেদিনীপুরে ছেলে শুভেন্দু এ বার নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী হয়েছেন। মুখ্যমন্ত্রী যেখানেই দাঁড়ান না কেন আমাদের নেতা তাঁকে বিদায় জানাবেন। সনাতন ধর্মের মানুষ কিছু শুভ কাজ করার আগে খুঁটি পুজো করে। আমরা তাই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আঘাত পেয়েছিলেন, সেই খুঁটিতে পুজো করে শুভ কাজ শুরু করলাম। ’
ওই খুঁটিতে পায়ে আঘাত লেগেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। পায়ে প্লাস্টার নিয়েই রাজ্যজুড়ে প্রচার করেছিলেন তিনি। যদিও বিজেপির নেতাদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ‘নাটক’ করেছিলেন। তাতেও লাভ হয়নি তাঁর।
তৃণমূলের দাবি
এ বারের নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভবানীপুর আসন থেকেই লড়বেন তা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। তবে, নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রার্থী কে হবেন তা নিয়ে জল্পনা চলছে। এরই মধ্যে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় দাবি করেছেন, প্রার্থী যিনিই হোন না কেন, নন্দীগ্রামে হারবেন শুভেন্দু। তিনি বলেন, ‘যে বিজেপি নেতা খুঁটি পুজো করছেন তিনি মহিলাদের নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেন। তাঁরাই শুভেন্দুর সম্পদ। এই নির্বাচনে মহিলারা বিজেপিকে উচিত শিক্ষা দেবেন। নন্দীগ্রাম ও ভবানীপুর দুটি আসনেই হারবেন শুভেন্দু। ভোটের ফল ঘোষণার পরে তাঁরা আর আবির ওড়াতে পারবেন না। তাই আগে উড়িয়ে নিচ্ছেন।’
আজ, মঙ্গলবার, তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।