• মতুয়াদের বারুনি মেলায় শুভেচ্ছা মোদী–শাহের, কটাক্ষ তৃণমূলের
    এই সময় | ১৭ মার্চ ২০২৬
  • এই সময়, ঠাকুরনগর: হরিচাঁদ ঠাকুরের (Harichand Thakur) ২১৫তম জন্মজয়ন্তী উপলক্ষে মধুকৃষ্ণ ত্রয়োদশ তিথি অনুযায়ী সোমবার থেকেই শুরু হয়েছে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বারুনি মেলা। এ দিন এক্স হ্যান্ডলে বারুনি মেলা নিয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minsiter Amit Shah)। বিধানসভা নির্বাচনের আগে সার–এর কারণে বিপুল সংখ্যক মতুয়াদের নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। বিচারাধীন কয়েক লক্ষ। এই পরিস্থিতিতে শাহকে পাল্টা নিশানা করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর।

    সোমবার সকাল থেকেই উত্তর ২৪ পরগনা–সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বারুনি মেলায় মতুয়াদের ভিড় জমেছে ঠাকুরবাড়িতে। এ দিন থেকেই কামনা সাগরে স্নান সেরেছেন মতুয়ারা। মঙ্গলবার এই ভিড় কয়েক গুণ বাড়বে। দু’দিনে ৪০ থেকে ৫০ লক্ষ মতুয়া ঠাকুরবাড়িতে আসবেন বলে মনে করা হচ্ছে। এ বছর ঠাকুরবাড়িতে তিনটি মতুয়া সংগঠন একসঙ্গে বারুনি মেলার আয়োজন করেছে। ফলেও মতুয়ারা খুশি। তবে, সার–এ লক্ষ লক্ষ মতুয়াদের নাম বাদ যাওয়া এবং বিচারাধীন তকমা জোটায় অধিকাংশ মতুয়াদের মধ্যে বেনাগরিক হওয়ার আতঙ্ক রয়েছে।

    এ দিন কামনা সাগরে ডুব দিয়ে পুণ্যস্নান সেরে হরিচাঁদ, গুরুচাঁদ ও বড়মার মন্দিরে গিয়ে পুজো করেছেন পাগল, গোঁসাই, দলপতি ও সাধারণ মতুয়ারা। সকালের পর থেকে ডঙ্কা, কাঁসি ও লাল নিশান নিয়ে মতুয়াদের এক একটা দল ঠাকুরবাড়িতে এসেছে। ডঙ্কার তালে তালে মাথা ঝাঁকিয়ে তিন মন্দিরের সামনেই নেচেছেন মতুয়ারা। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের কাছে গিয়ে আশীর্বাদ নেওয়ার পাশাপাশি তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের বাসভবনে এসেও প্রণাম করেছেন মতুয়া ভক্তরা। যোগেশ হালদার, ভোলা রায়, দীপালি বিশ্বাসের মতো মতুয়ারা বলেন, ‘আমাদের নাম বিচারাধীন তালিকায় রয়েছে। ভোটাধিকার পাব কি না জানি না। তবুও বারুনি মেলা আমাদের ভাবাবেগ। সেই টানেই এসেছি।’ উত্তর দিনাজপুরের যোগেশ মণ্ডল বলেন, ‘আমার ছেলের নাম বাদ গিয়েছে। আমরা স্বামী–স্ত্রী বিচারাধীন। তবুও ধর্মের টানে বারুনি মেলায় এসেছি ঠাকুরের কাছে প্রার্থনা জানাতে।’

    বারুনি মেলা নিয়ে এ দিনই এক্স হ্যান্ডলে মতুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই নিয়ে মমতাবালা বলেন, ‘বারুনি মেলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পোস্ট করেছেন। কিন্তু গত বছর তিনি করেননি। কারণ গত বছর নির্বাচন ছিল না। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভক্তদের নাম কেটে দিলেন কেন?’ পাল্টা সুব্রত ঠাকুর বলেন, ‘নাম বাদ যাওয়া মতুয়ারা সিএএতে আবেদন করে নাগরিকত্ব পাবেন।’

  • Link to this news (এই সময়)