• পাইপলাইনে ফাটলের জেরে জলকষ্টেই দমদমের বাসিন্দারা, সুরাহা মিলবে কবে?
    এই সময় | ১৭ মার্চ ২০২৬
  • এই সময়: বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে ভূগর্ভস্থ পাইপলাইনে বড়সড় ফাটলের জেরে জলকষ্টে নাজেহাল দক্ষিণ দমদম ও দমদম পুর এলাকার বাসিন্দারা। গত শনিবার, ৭ মার্চ প্রথম ফাটলটি নজরে আসে। প্রাথমিক মেরামতির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হলেও, স্থায়ী সমাধানের জন্য রবিবার রাত থেকে পুরোদমে কাজ শুরু করেছে পাইপলাইন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা কেএমডিএ। আর তার জেরেই রবিবার রাত থেকে ফের ওই দুই পুর এলাকার বিস্তীর্ণ অঞ্চলে ব্যাহত জল সরবরাহ।

    সোমবার সকালে রিজার্ভারে মজুত থাকা সামান্য জল সরবরাহ করা হলেও বেলা বাড়তেই হাহাকার শুরু হয়। দমদম ও দক্ষিণ দমদম পুরসভার তরফে দাবি করা হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের গাড়ি পাঠানো হয়েছে। তবে প্রয়োজনের তুলনায় তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ স্থানীয়দের।

    কেএমডিএ-র এক আধিকারিক জানান, পাইপলাইনটি অত্যন্ত পুরোনো হওয়ায় মাঝে মাঝেই ফাটল দেখা দিচ্ছে। বড় বিপর্যয় এড়াতেই এই স্থায়ী সংস্কার জরুরি। পুর কর্তৃপক্ষ ও কেএমডিএ-র আশ্বাস, দ্রুততার সঙ্গে মেরামতির কাজ শেষ করা হয়েছে। সোমবার রাতের মধ্যেই পাইপলাইন সচল করে আজ, মঙ্গলবার সকাল থেকে স্বাভাবিক ছন্দে জল সরবরাহ শুরু হবে। তবে বারবার এই ভোগান্তিতে ক্ষুব্ধ এলাকাবাসীর একাংশ।

  • Link to this news (এই সময়)