• চালু নির্বাচন বিধি, সরকারি ভবন, জায়গা থেকে খোলা হচ্ছে দলীয় পতাকা
    এই সময় | ১৭ মার্চ ২০২৬
  • এই সময়, তমলুক ও ঝাড়গ্রাম: ঘোষণা হয়ে গিয়েছে বিধানসভা ভোটের দিনক্ষণ। রাজ্যে বলবৎ হয়েছে নির্বাচনী বিধি। রবিবার রাত থেকে প্রশাসনিক স্তরেও তৎপরতা তুঙ্গে। জেলায় জেলায় একাধিক নির্বাচনী কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। তমলুক এবং ঝাড়গ্রামে ভোট ২৩ এপ্রিল। সেই অনুযায়ী পূর্ব মেদিনীপুর জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

    তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর ও এগরা-ষোলোটি কেন্দ্র মিলিয়ে জেলায় মোট ভোটারের সংখ্যা প্রায় ৪০ লক্ষ ৮৫ হাজার ৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২১ লক্ষ ৫ হাজার ১৯২। মহিলা ভোটার ১৯ লক্ষ ৭৯ হাজার ৮০৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩৯ জন। ১৮-১৯ বছর বয়সী নতুন ভোটার প্রায় ৪৮ হাজার ৯৪৯ জন রয়েছেন। জেলায় মোট ৪৪২০টি প্রধান ভোটগ্রহণ কেন্দ্র এবং ৬২০টি সহায়ক কেন্দ্র রাখা হয়েছে। এর মধ্যে গ্রামীণ এলাকায় ৪০৬৬টি এবং শহরাঞ্চলে ৩৫৪টি বুথ থাকবে। প্রতিটি বিধানসভায় একটি করে মডেল বুথ এবং ৪০টি মহিলা বুথ থাকবে।

    গত বারে বুথের ভিতরে সিসিটিভি ছিল। এ বার বুথের বাইরেও সিসিটিভিতে নজরদারি চলবে বলে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। কোনও ব্যক্তি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নগদ টাকা নিজের কাছে রাখতে পারবেন। তার বেশি হলে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ দেখাতে হবে। প্রবীণ (৮৫ বছরের বেশি) এবং প্রতিবন্ধী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ভোটারদের অভিযোগ জানানোর জন্য ১৯৫০ কন্ট্রোল রুম নম্বর এবং ভোটার হেল্পলাইন অ্যাপ চালু থাকবে। ইতিমধ্যে জুরি, ভগবানপুর, ময়না, এগরায় বিশেষ নজরদারি শুরু হয়ে গিয়েছে। জেলাশাসক ইউনিস ঋষিন ইসমাইল জানিয়েছেন, প্রতিটি বিধানসভা কেন্দ্রে এক জন অবজার্ভার বা পর্যবেক্ষক থাকবেন। তাঁরা খুব তাড়াতাড়ি জেলায় এসে রাজনৈতিক দল এবং প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়াও আন্তঃরাজ্য ও আন্তঃজেলা সীমানায় নাকা চেকিং শুরু হয়েছে। প্রচারের খরচ এবং বিভিন্ন রাজনৈতিক দলের গতিবিধির উপরেও নজরদারি চালানো হচ্ছে। সব মিলিয়ে স্বচ্ছ, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই এ বার প্রধান লক্ষ্য বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে।

    ঝাড়গ্রামে আদর্শ আচরণ বিধি বলবৎ হতেই সরকারি সম্পত্তি, রাস্তার বৈদ্যুতিক খুঁটি, সেতু, বাজার এলাকা কিংবা জনবহুল জায়গায় সরকারি অফিস, ভবন থেকে রাজনৈতিক দলের পতাকা, হোর্ডিং, ফ্লেক্স, ব্যানার খোলার কাজ শুরু হয়ে গিয়েছে।

    সোমবার লালগড় ব্রিজ-সহ ব্লকের বিভিন্ন স্থানে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা, ব্যানার ও ফ্লেক্স খুলে ফেলা হয়। শহরে বন দপ্তরের সরকারি আবাসনের পাশে এবং দেওয়ালে বিভিন্ন রাজনৈতিক দলের হোর্ডিং ও লিফলেট ছিড়ে ফেলা হয়েছে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতেই এ ধরনের পদক্ষেপ করা হয়েছে।

    ঝাড়গ্রাম জেলা নির্বাচন আধিকারিক ও জেলাশাসক আকাঙ্খা ভাস্কর বলেন, 'যেহেতু আদর্শ নির্বাচন আচরণ বিধি চালু গয়ে গিয়েছে, তাই সরকারি বিভিন্ন স্থান থেকে রাজনৈতিক দলের প্রচার সামগ্রী সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে।'

  • Link to this news (এই সময়)