রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই প্রার্থী তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির। সোমবার প্রথম দফায় ১৪৪ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তালিকা অনুযায়ী ময়ূরেশ্বরের প্রার্থী হয়েছেন দুধকুমার মণ্ডল। বীরভূমের দাপুটে নেতা হিসেবে নাম প্রকাশের পরের দিন মঙ্গলবার স্বমহিমায় ধরা দিয়েছেন তিনি। দুধকুমার মণ্ডল মঙ্গলবার স্পষ্ট জানিয়েছেন, কাউকে আগে মারতে যাওয়া তাঁর স্বভাব নয়। মার খেয়ে রাজনীতি করা তাঁর নীতি নয় বলে সাফ জানিয়েছেন তিনি।
দুধকুমার এ দিন আরও বলেন, ‘আমি আগে কারও ঘুম ভাঙাবো না। কাওকে মারতেও যাব না। কিন্তু আমাকে বা আমার দলের কর্মীকে কেউ মারলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না সেটা। এর যোগ্য জবাব শুধু আমি দেবো। শুধু আমি নই, আমার সঙ্গে যে জনগণ আছেন তাঁরা এর প্রতিবাদ এবং প্রতিকার করবে।’
এ ছাড়াও, ভোট প্রসঙ্গে দুধকুমার এ দিন জানিয়েছেন, কর্মসংস্থান এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে তাঁদের সংগ্রামের মূল মন্ত্র। তিনি বলেন, ‘এলাকার মানুষ চেয়েছিলেন বলেই আমি প্রার্থী হয়েছি। শান্তিপূর্ণ নির্বাচন হলে বিজেপির জয় নিশ্চিত। কর্মসংস্থান,তোলাবাজি, দুর্নীতি, মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদেই আমাদের লড়াই।’
এ দিন দুধকুমার SIR নিয়েও মুখ খোলেন। তিনি বলেন, ‘SIR লিস্টে ডিলিটেড ও বিচারাধীন প্রার্থীদের জন্য কিছুটা হয়ত প্রভাব পরবে। তবে, রাজ্যের আসন্ন নির্বাচনে আমার জয় নিশ্চিত করব।’