আজকাল ওয়েবডেস্ক: ভবানীপুর থেকে নির্বাচনে লড়ছেন মমতা ব্যানার্জি। মঙ্গলবার কালীঘাটে তৃণমূল সুপ্রিমোর বাসভবনে সাংবাদিক সম্মেলন থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হল।
এদিন একসঙ্গেই ২৯৪ কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল। অভিষেক ঘোষণা করলেন, ভবানীপুর থেকে লড়বেন মমতা ব্যানার্জি। অর্থাৎ, ২০২১ সালে নন্দীগ্রামের পর এবার ভবানীপুরে ফের মুখোমুখি হতে চলেছেন শুভেন্দু-মমতা।
তৃণমূল সুপ্রিমো এদিন বললেন, ভবানীপুর থেকে সবথেকে বেশি ভোট নিয়ে জিতব। মনে রাখবেন আমার কেন্দ্র শুধু ভবানীপুর নয়, ২৯৪ কেন্দ্রই আমি দেখব। ভবানীপুর সেটার নেতৃত্বে থাকবে।'
রাজ্যে বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি তো পড়েই গিয়েছে। মঙ্গলবার তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করার আগেই ভবানীপুরের বিভিন্ন এলাকায় দেওয়ালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে দেওয়াল লিখন সেরে ফেললেন সেখানকার তৃণমূল কর্মীরা।
ইতিমধ্যেই এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বর্তমান বিরোধী দলনেতার নামে যেখানে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে সেখানে পিছিয়ে থাকতে নারাজ তৃণমূল কর্মীরাও।