• লোকভবনের শূন্যপদ পূরণে নবান্নকে চিঠি রাজ্যপাল আরএন রবির
    দৈনিক স্টেটসম্যান | ১৭ মার্চ ২০২৬
  • লোকভবন সূত্রে খবর, রাজ্যপালের সচিব পদে একজন আইএএস আধিকারিক চাওয়া হয়েছে। একইসঙ্গে, বিশেষ সচিব পদে একজন প্রোমোটি আইএএস, দু’টি যুগ্ম সচিব এবং একটি ডেপুটি সচিব পদের জন্য তিনজন ডব্লিউবিসিএস অফিসারের নাম চাওয়া হয়েছে, যাদের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে।

    মোট পাঁচটি গুরুত্বপূর্ণ পদ পূরণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং নবান্ন দ্রুত সিদ্ধান্ত নিতে পারে বলে প্রশাসনিক মহল মনে করছে। মঙ্গলবার লোকভবনের এক আধিকারিক বলেন, ‘শুক্রবার লোকভবন থেকে বার্তা পাঠানো হয়েছে রাজ্য সরকারের কাছে। আমরা আশা করছি, চলতি সপ্তাহেই নবান্নের তরফে আধিকারিকদের নাম আমাদেরকে জানিয়ে দেওয়া হবে।’

    উল্লেখ্য, গত কয়েক বছরে লোকভবনের প্রশাসনিক কাঠামোতে শূন্যতা তৈরি হয়েছিল। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে তাঁর প্রধান সচিব পদ থেকে সরিয়ে দিয়েছিলেন, যা প্রশাসনিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি করে। এরপর দীর্ঘ সময় ধরে রাজ্যপালের সচিব পদটি শূন্য ছিল, যার কারণে রাজভবনের কার্যক্রমে ব্যাঘাত ঘটে। বিশেষজ্ঞদের মতে, এই শূন্যপদের কারণে প্রশাসনিক কার্যকারিতায় প্রভাব পড়েছে।

    নতুন রাজ্যপালের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনের একাংশের মতে, শূন্যপদগুলি পূর্ণ হলে রাজভবনের কাজের গতি বৃদ্ধি পাবে এবং নবান্নের সঙ্গে সমন্বয় আরও মজবুত হবে। তবে, নবান্ন কত দ্রুত পদগুলোতে নিয়োগ সম্পন্ন করবে এবং রাজভবনের প্রশাসনিক কাঠামোয় স্থিতি ফিরিয়ে আনবে, তা দেখার বিষয়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)