• কলকাতার ডিসি সেন্ট্রাল ইন্দিরাকে সরালো কমিশন
    দৈনিক স্টেটসম্যান | ১৭ মার্চ ২০২৬
  • সোমবার রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। বদল করা হয়েছিল কলকাতার পুলিশ কমিশনারকেও। তার ২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই কলকাতার ডিসি (সেন্ট্রাল) ইন্দিরার জায়গায় এলেন ইয়েলওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাও।

    বীরভূমের নতুন পুলিশ সুপার হয়েছেন আইপিএস ২০১১ ব্যাচের সূর্যপ্রতাপ যাদব। ওই জেলার পুলিশ সুপার ছিলেন আমনদীপ।  কোচবিহারে দায়িত্বে আনা হয়েছে জসপ্রীত সিংহকে। এর আগে এসপি ছিলেন সন্দীপ কাররা। বারাসত পুলিশ জেলার নতুন এসপি হলেন আইপিএস ২০১২ সালের ব্যাচের পুষ্পা। আগে বারাসত পুলিশ জেলার এসপি ছিলেন প্রতীক্ষা ঝারকারিয়া। ডায়মন্ড হারবারের নতুন এসপি হয়েছেন ঈশানী পাল। এই পদে ছিলেন বিশপ সরকার।

    নির্বাচন কমিশন মুর্শিদাবাদ, বসিরহাট, মালদহ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এবং জঙ্গিপুর সহ রাজ্যের একাধিক জেলা পুলিশ সুপার এবং এডিজি পদে পরিবর্তন এনেছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি ধৃতিমান সরকারকে সরিয়ে তার জায়গায় আইপিএস ২০১৩ ব্যাচের সচিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ধৃতিমানকে বেলডাঙার অশান্তির পর আনা হয়েছিল কিন্তু এবার তাকে সরিয়ে সচিনকে দায়িত্ব দেওয়া হল। বসিরহাটের পুলিশ সুপার আরিশ বিলালকে বদল করে তার জায়গায় আইপিএস ২০১৭ ব্যাচের অলকানন্দা ভোয়ালকে দায়িত্ব দেওয়া হয়েছে।

    মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদবকেও বদলে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে অনুপম সিংহকে।  পূর্ব মেদিনীপুরের এসপি পারিজাত বিশ্বাসকেও সরিয়ে নতুন পুলিশ সুপার হিসেবে আইপিএস ২০১২ ব্যাচের অংশুমান সাহাকে আনা হয়েছে। পশ্চিম মেদিনীপুর এবং জঙ্গিপুরের এসপি-ও বদল করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পলাশ ঢালিকে সরিয়ে তার জায়গায় পাপিয়া সুলতানাকে আনা হয়েছে এবং জঙ্গিপুরের এসপি হোসেন মেহেদি রহমানকে সরিয়ে সুরিন্দর সিংহকে দায়িত্ব দেওয়া হয়েছে।

    এছাড়া, কমিশন দুই জায়গার এডিজি পদেও পরিবর্তন করেছে। দক্ষিণবঙ্গে রাজেশকুমার সিংহ এবং উত্তরবঙ্গে কে জয়ারামনকে নতুন এডিজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনী সময়ে প্রশাসনিক রদবদলের এই ধারা আরও চারটি পুলিশ কমিশনারেটকে প্রভাবিত করেছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নতুন সিপি হিসেবে প্রণব কুমার, হাওড়ার নতুন এসপি হিসেবে অখিলেশ চতুর্বেদী এবং ব্যারাকপুর ও চন্দননগর পুলিশ কমিশনারেটের নতুন এসপি হিসেবে যথাক্রমে অমিতকুমার সিংহ এবং সুশীলকুমার যাদব দায়িত্ব গ্রহণ করেছেন।

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  এই রদবদল নিয়ে বিরোধিতা জানিয়ে সোমবার কমিশনকে চিঠি লিখেছিলেন। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে আগাম আলোচনা না করেই এই বদলি করা হচ্ছে, যা প্রশাসনিক নিয়মের বিপরীত। তিনি কমিশনের কাছে আবেদন জানিয়েছেন, ভবিষ্যতে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্য সরকারের মতামত গ্রহণ করা হোক। জ্ঞানেশকে চিঠি লেখার কয়েক ঘণ্টার মধ্যেই আবার বদলির নির্দেশ দিল কমিশন।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)