কলকাতা থেকে গ্রেপ্তার কুখ্যাত আমেরিকান Mercenary বা ‘ভাড়াটে সেনা’ তথা তথ্যচিত্র নির্মাতা ম্যাথু অ্যারন ভ্যানডাইক! সম্প্রতি এক রুদ্ধশ্বাস অভিযানে কলকাতা, দিল্লি এবং লখনৌ বিমানবন্দর থেকে ম্যাথু ছাড়াও আরও ছ’জন ইউক্রেনীয় নাগরিককে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্ত সংস্থা বা NIA। মঙ্গলবার এই অভিযানের বিশদ জানিয়েছে NIA। কেন্দ্রীয় সংস্থাটি জানিয়েছে, গত শুক্রবার (১৩ মার্চ) কলকাতা বিমানবন্দর থেকেই NIA-র জালে ধরা পড়ে ভ্যানডাইক।
সংবাদসংস্থা ANI জানিয়েছে, ধৃতরা বেআইনি ভাবে ‘রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট’ বা RAP ছাড়াই মিজ়োরামে প্রবেশ করেছিল। সেখান থেকে তারা মায়ানমারে অনুপ্রবেশ করে। NIA-র FIR অনুযায়ী, মায়ানমারের সশস্ত্র জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে যোগাযোগ করেছিল এই সাত বিদেশি।
মায়ানমারের এই জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে সরাসরি যোগ রয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিদ্রোহী সংগঠনগুলির। NIA-র গোয়েন্দাদের অভিযোগ, ইউরোপ থেকে আনা আধুনিক ড্রোন ব্যবহার করার বিষয়ে মায়ানমারে জঙ্গি প্রশিক্ষণ শিবির চালানোর পরিকল্পনা করেছিল তারা।
আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ম্যাথু ভ্যানডাইক এক অত্যন্ত বিপজ্জনক ভাড়াটে সৈন্য। ‘সন্স অফ লিবার্টি ইন্টারন্যাশনাল’ বা SOLI নামে একটি ভাড়াটে যোদ্ধা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সে। ২০১১ সালের লিবিয়ার গৃহযুদ্ধে গদ্দাফির বিরুদ্ধে লড়াই করা থেকে শুরু করে, ইরাকে ISIS জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ এবং সাম্প্রতিক সময়ে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয় সেনাকে ড্রোন যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছে এই গোষ্ঠী বলে শোনা যায়।
কলকাতা বিমানবন্দর থেকে ম্যাথুকে এবং লখনৌ ও দিল্লি থেকে বাকি ছয় ইউক্রেনীয়কে গ্রেপ্তারের পরে ১৬ মার্চ তাদের দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের বিশেষ NIA আদালতে পেশ করা হয়। ধৃতদের UAPA ধারায় ১১ দিনের NIA হেফাজতে পাঠিয়েছে আদালত। অত্যাধুনিক ড্রোন ও জ্যামিং প্রযুক্তির সাহায্যে ভারতের মাটিতে তারা কোনও বড় নাশকতার ছক কষছিল কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।