• ভোট দিতে পারবেন অ্যাজুগেশনের ৬১ লক্ষ ভোটার? সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে কবে? মিলল বড় ইঙ্গিত
    এই সময় | ১৮ মার্চ ২০২৬
  • ভোটের বাজারে লজিক্যাল ডিসক্রিপেন্সির (Logical Discrepancies) নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে। প্রায় ৬১ লক্ষ ভোটারের (Voter) তথ্যে অসঙ্গতি ধরা পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। ফলে তাঁরা ভোট দিতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। এর মধ্যে ২১ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে বলে শুক্রবার জানালেন ইলেকশন অবজ়ার্ভার সুব্রত গুপ্ত। আগামী শুক্র-শনিবারের মধ্যেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে খুব শীঘ্রই ট্রাইবুনাল গঠন হবে বলেও জানিয়েছেন তিনি।

    এ দিন কলকাতা হাইকোর্টে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে SIR নিয়ে বৈঠক করেন রাজ্যের নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং ইলেকশন অবজ়ার্ভার সুব্রত গুপ্ত। উপস্থিত ছিলেন রাজ্যের নতুন মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা এবং ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। সেই বৈঠক থেকে বেরিয়ে সুব্রত বলেন, ‘আশা করছি এই সপ্তাহের মধ্যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়ে যাবে। বড়জোর শুক্রবার কিংবা শনিবার।’

    ভোটার তালিকায় নিবিড় সংশোধনের পরে গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় ৫৮ লক্ষের পরে এতে আরও পাঁচ লক্ষ অর্থাৎ প্রায় ৬৩ লক্ষের নাম বাদ দেওয়া হয়। পাশাপাশি প্রায় ৬১ লক্ষের নামের পাশে লেখা ‘বিচারাধীন’। এই নিয়ে শোরগোল পড়ে যায়। প্রশ্ন উঠতে শুরু করে, যাঁদের নাম ‘বিচারাধীন’ রয়েছে, তাঁরা কি ভোট দিতে পারবেন?

    ‘বিচারাধীন’ নামের নিষ্পত্তি করতে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করে সুপ্রিম কোর্ট। শুরু হয় কাজ। তার পরে এ দিন প্রায় ২১ লক্ষের নাম নিষ্পত্তি হয়েছে বলে জানালেন সুব্রত গুপ্ত। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের ইঙ্গিতও দিলেন। একই সঙ্গে SIR-এ অভিযোগের শুনানির জন্য প্রাক্তন প্রধান বিচারপতি এবং হাইকোর্টের বিচারপতিদের নিয়ে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। খুব শীঘ্রই সেই নামও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)