• চুঁচুড়ায় প্রার্থী দেবাংশু, নাম বাদ পড়তেই অসিত বললেন, ‘রাজনীতি থেকে বিশ্রাম’ নেবেন
    এই সময় | ১৮ মার্চ ২০২৬
  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল (TMC Candidate List)। একাধিক সিটিং MLA-এর নাম নেই তালিকায়। বাদ গিয়েছে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নাম (Asit Majumdar)। টানা তিন বারের বিধায়ক তিনি। সেই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে দলের তরুণ মুখ তথা মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যকে। টিকিট না পেয়েই ‘রাজনীতি থেকে বিশ্রাম’ নেওয়ার কথা অসিতের মুখে।

    ২০১১ সালে যখন বামফ্রন্টের জমানা, সেই সময় চুঁচুড়া থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রথম বার জয় লাভ করেন অসিত মজুমদার। এর পরে ২০১৬, ২০২১-এও দল অসিতেই ভরসা রেখেছিল। কিন্তু ২০২৬-এ এই কেন্দ্রে তরুণ মুখে ভরসা রেখেছে দল। তবে এ নিয়ে কি আগাম আভাস পেয়েছিলেন অসিত?

    বিদায়ী বিধায়কের বক্তব্য, ‘আমরা তো চুনোপুঁটি লোক। আমাদের সঙ্গে কেন কথা বলবে? আর আমার নিশ্চয়ই খামতি আছে, না হলে আমাকে টিকিট দেবে না কেন? আগে তিন বার তো দিয়েছে টিকিট। তবে এতে আমার কোনও কষ্ট নেই। এখন বই পড়ব, ঘুরব। আমার আইনের ডিগ্রি আছে। বার কাউন্সিলের সার্টিফিকেট আছে। কোর্টে নেমে যাব। রাজনীতি আর করব না। রাজনীতি থেকে বিশ্রাম নিলাম।’

    তা হলে দেবাংশুর হয়ে প্রচারে নামবেন না? অসিতের জবাব, ‘দেবাংশু এলে ভাবব। তৃণমূল যদি করি, তা হলে নিশ্চয়ই তৃণমূলের হয়ে প্রচারও করব।’ অন্য দলে যাওয়ার কথা কি ভাবছেন? এখনও ভেবে দেখেনি।

  • Link to this news (এই সময়)