• ২০ লক্ষ নাম-সহ সাপ্লিমেন্টারি তালিকা এই সপ্তাহেই
    আজকাল | ১৮ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসাইআর) তালিকা প্রকাশিত হয়েছে। চূড়ান্ত তালিকা থেকে বাদ গিয়ে ৬৩ লক্ষের বেশী ভোটারের নাম। বিবেচনাধীন বা ‘আন্ডার অ্যাজুডিকেশন’-এ আছেন আরও ৬০ লক্ষেরও বেশি ভোটার। কমিশন সূত্রে খবর, মঙ্গলবার পর্যন্ত প্রায় ২১ লক্ষ ভোটারের নথি যাচাই সম্পন্ন হয়েছে। এই সপ্তাহের মধ্যেই সেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। যাঁদের নাম বাদ গিয়েছে তাঁদেরও তালিকা প্রকাশ করা হবে। কমিশনের আশ এই মাসের মধ্যেই বিবেচনাধীনের তালিকার সম্পূর্ণ নিষ্পত্তি করা সম্ভব হবে।

    রাজ্যে প্রায় ৬০,০৬,৬৭৫ জন ভোটারের নাম বিবেচনাধীন রয়েছে। এই বিপুল সংখ্যক ভোটারদের ভাগ্য নির্ধারণের দায়িত্ব পড়েছে কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের কাঁধে। কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ২১ লক্ষের তথ্য যাচাই করা হয়েছে। তবে ২০ লক্ষের নাম প্রকাশ করা হবে প্রথম সাপ্লিমেন্টারি তালিকায়। 

    মঙ্গলবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে বৈঠকে বসেছিলে কলকাতা হাই কোর্ট। সূত্রের খবর,  শুক্রবার অথবা শনিবারই হয়তো প্রকাশ হবে নতুন এই সাপ্লিমেন্টারি তালিকা। কমিশন সূত্রে খবর ভোটের আগে একাধিক তালিকা প্রকাশিত হতে পারে।

    বিবেচনাধীন রয়েছেন যাঁরা, তাঁদের কারও নাম ওই সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ গেলে তাঁরা বিশেষ ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারবেন। চলতি সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেই বিষয়ে। 

    অন্যদিকে, মঙ্গলবার রাজ্য মুখ্য নির্বাচন কমিশনারের অফিসে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধিদল। মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করে তৃণমূলের তরফ থেকে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের বিলম্বের বিষয়টি তুলে ধরা হয়েছে। তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, যেসব ভোটারের নাম সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় থাকবে তাঁদের নাম অন্তর্ভুক্ত করার জন্য আপিল ট্রাইব্যুনালে যাওয়ার কথা। তবে, যতক্ষণ পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ক্ষতিগ্রস্ত ভোটাররা তাঁদের অবস্থা নির্ধারণ করতে পারছেন না এবং ফলস্বরূপ ট্রাইব্যুনালে যাওয়ার পরবর্তী পদ্ধতিগত পদক্ষেপও নিতে পারছেন না। সুপ্রিম কোর্ট ভোটারদের যে প্রতিকার দিয়েছিল সেই সুবিধা থেকে ভোটারদের বঞ্চিত করছে কমিশন।

     
  • Link to this news (আজকাল)