গত রবিবারই ভোটের দিন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। তারপর থেকেই প্রার্থী ঘোষণা শুরু করে দিয়েছে। সোমবার প্রার্থী ঘোষণা করেছে বাম ও বিজেপি। আর মঙ্গলবার রাজ্যের ২৯১টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। আর তাতে দেখা যাচ্ছে মহিলা প্রার্থীর সংখ্যায় বাম ও বিজেপিকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস।
গত সোমবার ১৪৪ কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিজেপি। তাতে মহিলা মুখের সংখ্যা মাত্র ১১। অপরদিকে, বামেদের প্রকাশ করা ১৯২ আসনের মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ২৮। মঙ্গলবার কালীঘাট থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ জন মহিলা প্রার্থী রাখা হয়েছে। ৯৫ জন সংরক্ষিত শ্রেণির প্রার্থী রয়েছেন। এঁদের মধ্যে ৭৮ জন তফশিলি জাতির। ৪৭ জন সংখ্যালঘু প্রার্থী ২৬-এর নির্বাচনে তৃণমূলের প্রতীকে লড়ছেন।
এদিন প্রার্থী তালিকা ঘোষণার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২৬-এ নির্বাচনে ২২৬-এর বেশি আসন পাব।’, এখানেই শেষ নয়, তিনি বলেন,‘আমরা আত্মবিশ্বাসী আমরা জিতব। কারণ আমরা বছরে ৩৬৫ দিন মানুষের সঙ্গে থাকি। আর ওরা বসন্তের কোকিল।’