• প্রার্থী তালিকা ঘোষণার আগে বিজেপি-কমিশনকে নিশানা মমতার
    দৈনিক স্টেটসম্যান | ১৮ মার্চ ২০২৬
  • সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, ভবানীপুর আসন থেকে নিজেই প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে পবিত্র করকে। এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তালিকা ঘোষণার আগে কালীঘাটের বাড়ি থেকে একযোগে বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন, ‘এত ভয় পাচ্ছেন কেন? শুভবুদ্ধির উদয় হোক।’ একইসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকাতেও অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘বিজেপির কথায় আড়াল থেকে খেলবেন না, সরাসরি মাঠে নেমে লড়ুন।’

    প্রার্থী তালিকায় এ বারও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নারীশক্তি, সংখ্যালঘু ও অনগ্রসর শ্রেণির প্রতিনিধিত্বে। মোট ২৯৪টি আসনের মধ্যে ৫২ জন মহিলা প্রার্থীকে মনোনয়ন দিয়েছে তৃণমূল, যা আগের বারের তুলনায় বেশি। ২০২১ সালের নির্বাচনে এই সংখ্যা ছিল ৫০। ফলে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর ক্ষেত্রে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করেছে তৃণমূল। পাশাপাশি নবীন ও অভিজ্ঞ প্রার্থীদের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে বলেও দলীয় সূত্রে জানা গিয়েছে।

    নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর প্রশাসনিক রদবদল নিয়েও সরব হয়েছেন মমতা। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ একাধিক শীর্ষ আধিকারিককে বদলি করার সিদ্ধান্তে প্রশ্ন তোলেন তিনি। তাঁর আশঙ্কা, এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হতে পারে। তিনি বলেন, ‘কোনও বিপর্যয় ঘটলে দায় নিতে হবে কমিশন ও বিজেপিকেই।’ ইদের আগে এই ধরনের বদলি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

    মমতার কথায়, ‘এটা শুধু ভোট নয়, বাংলার আত্মমর্যাদা রক্ষার লড়াই। যতই চক্রান্ত হোক, বাংলার মানুষই শেষ কথা বলবে।’ তাঁর দাবি, প্রশাসনিক বদলি বা চাপ সৃষ্টি করে তৃণমূলকে দুর্বল করা যাবে না, কারণ ভোটের রায় দেয় সাধারণ মানুষই। উত্তর ২৪ পরগনায় একাধিক পরিচিত মুখকে প্রার্থী করেছে দল। কালচিনিতে প্রার্থী বীরেন্দ্র বরা, আলিপুরদুয়ারে সুমন কাঞ্জিলাল, ফালাকাটায় সুভাষচন্দ্র রায়, মাদারিহাটে জয়প্রকাশ টোপ্পো, ধূপগুড়িতে নির্মল রায়, ময়নাগুড়িতে রামমোহন রায়, জলপাইগুড়িতে কৃষ্ণ দাস, রাজগঞ্জে স্বপ্না বর্মণ, ডাবগ্রাম-ফুলবাড়ি রঞ্জন শীল শর্মা, মালে বুলুচিক বরাইক, নাগরাকাটায় সঞ্জয় কুজুর প্রার্থী হয়েছেন।

    কলকাতার আসনগুলিতেও নজরকাড়া চিত্র। বেলেঘাটায় কুণাল ঘোষকে প্রার্থী করা হয়েছে, চৌরঙ্গিতে নয়না বন্দ্যোপাধ্যায়, কাশীপুর-বেলগাছিয়ায় অতীন ঘোষ এবং শ্যামপুকুরে শশী পাঁজা লড়বেন। এছাড়া টালিগঞ্জে অরূপ বিশ্বাস, বেহালা পূর্বে শুভাশিস চক্রবর্তী এবং বেহালা পশ্চিমে রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে। নদিয়ার করিমপুরে অভিনেতা সোহম চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)