• আদি-নব্য দ্বন্দ্বে নতুন চ্যালেঞ্জ, ২৯৪ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা হিন্দু সেনা পার্টির
    দৈনিক স্টেটসম্যান | ১৮ মার্চ ২০২৬
  • রাজ্যের গেরুয়া শিবিরের নেতাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। জেলায় দীর্ঘদিন ধরে চলে আসা  আদি-নব্য বিজেপি দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এসেছে।দলের মূল শাখায় জায়গা না পাওয়া আদি বিজেপি নেতারা এবার ভারতীয় হিন্দু সেনা পার্টির হয়ে প্রার্থী হয়েছেন। ফলে, বিজেপির শীর্ষ  নেতৃত্ব গুরুত্ব না দিলে, আদি নেতারা নতুন এই দলের উপর ভরসা রাখতে প্রস্তুত।

    ভারতীয় হিন্দু সেনা পার্টি ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রচার শুরু করেছে।মোবাইল নম্বর দিয়ে  প্রার্থী হওয়ার আবেদন নেওয়া হচ্ছে। বর্ধমানের এক আদি বিজেপি নেতা, সন্দীপ পাল,  সমাজমাধ্যমে লিখেছেন, ‘বিজেপিতে যাঁরা টিকিট পাবেন না, তাঁদের আর তৃণমূলে যাওয়ার  দরকার নেই। নতুন পার্টি এসে গিয়েছে। চট করে ফোন করে নিন আর অপেক্ষা করুন।‘

    অন্য একজন নেতা মন্তব্য করেছেন, ‘বিজেপির পদাধিকারীরা এখন বেশিরভাগই তৃণমূল, সিপিএমের দালাল। যাঁরা দলের জন্য রক্ত ঝরিয়েছেন, তাঁদের কোনও গুরুত্ব নেই।পূর্ব বর্ধমানে সব আসনে আমরা প্রার্থী দেব, প্রয়োজনে আলাদাভাবেও।‘ কেশব কোঙা যোগ করেন, ‘জেলায় সিপিএম পন্থী, তৃণমূলী জেলা সভাপতিদের বিরুদ্ধে লড়াই চলবে।‘

    বিজেপি নেতৃত্ব এখনও নতুন এই দলের উপস্থিতিকে গুরুত্ব দিচ্ছে না।দলের মুখপাত্র সৌম্যরাজ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই ধরনের কোনও দল আছে কি না জানা নেই। নির্বাচন   ঘোষণার পরও দল ঘোষণা করা যায় কি না তা স্পষ্ট নয়। আমরা মনে করি, এই ধরনের প্রার্থীরা বিজেপির ওপর বিশেষ প্রভাব ফেলবে না। ভোটের ময়দানে আদি বিজেপির নতুন প্রয়াস কতটা প্রভাব ফেলতে পারে তার দিকে নজর র‍য়েছে রাজনীতিবিদ এবং পর্যবেক্ষকদের।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)