• এলপিজি সংকটে ফিরবে স্বস্তি, শিবালিকের পর ভারতে নোঙর করল নন্দা দেবী
    বর্তমান | ১৭ মার্চ ২০২৬
  • গান্ধীনগর, ১৭ মার্চ: ভারতের জ্বালানি সংকটের প্রেক্ষাপটে অবশেষে কিছুটা স্বস্তির আলো। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি পেরিয়ে একের পর এক এলপিজি বাহী জাহাজ দেশে পৌঁছাচ্ছে। গতকাল গুজরাতের মুন্দ্রা বন্দরে পৌঁছেছে 'শিবালিক', আর আজ গুজরাটের ভাদিনার বন্দরে নোঙর করল 'নন্দা দেবী'। এই বিশালাকার জাহাজটিতে রয়েছে ৪৭ হাজার মেট্রিক টনেরও বেশি এলপিজি। যুদ্ধের আঁচে জ্বলতে থাকা হরমুজ প্রণালী অতিক্রম করে এটাই দ্বিতীয় জাহাজ, যা নিরাপদে ভারতে পৌঁছাল। গতকাল ‘শিবালিক’ এর বহন করা গ্যাসের পরিমাণ ছিল ৪৬ হাজার মেট্রিক টন। এই দুই ভারতীয় জাহাজ মিলিয়ে প্রায় ৯২ হাজার ৭০০ মেট্রিক টন এলপিজি ভারতে এসে পৌঁছাল।

    গত শনিবারই জাহাজ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা ঘোষণা করেছিলেন, 'সম্ভাব্য ১৬ এবং ১৭ তারিখেই যথাক্রমে শিবলিক এবং নন্দা দেবী ভারতে নোঙর করবে'। সেই পূর্বাভাসই বাস্তব হল। তিনি আরও জানান, ' পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা সকল ভারতীয় নাবিক বর্তমানে নিরাপদে আছেন। গত ২৪ ঘণ্টায় তাঁদের নিয়ে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরমুজ প্রণালীর পশ্চিমে অবস্থিত পারস্য উপসাগরে ২৪টি ভারতীয় জাহাজ ছিল। এগুলোর মধ্যে শিবালিক এবং নন্দা দেবী নামের দুটি ভারতীয় জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করে ভারতে আসছে'। জানা গিয়েছে নন্দা দেবী থেকে ২৪ হাজার মেট্রিক টন এলপিজি পাঠানো হবে তামিলনাড়ুতে যেখানে দেশের সবচেয়ে বেশি গ্যাস সংকট নজরে এসেছিল।

    যখন দেশের নানা প্রান্ত গ্যাস সংকটে ভুগছে, ক্ষুদ্র ব্যাবসায়ীদের চোখে-মুখে অনিশ্চয়তার ছায়া তখন দেশে এই দুই জাহাজ ফিরে আসতেই স্বস্তির আলো। বিদেশমন্ত্রীর এস জয়শঙ্কর বলেন, ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার করেই শিবালিক এবং নন্দা দেবীর জন্য ছাড় আদায় করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)