• নিঃসঙ্গতা দূর করতে প্রবীণদের রেডিয়ো শোনার ডাক দিল হ্যাম
    বর্তমান | ১৭ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রেডিয়ো এখন অতীত। মহালয়ার দিন ধুলো ঝেড়ে সম্মান দেওয়া হলেও বছরভর কদর নেই তার। কোনো বাড়িতে অবহেলায় ধুঁকছে, কোনো বাড়িতে স্মৃতিটুকুও নেই! রেডিয়োর বাজার দখল করেছে স্মার্ট টিভি আর স্মার্টফোন! কিন্তু, একাধিক বাড়ির চওড়া টিভির ‘দখল’ নিয়েছে সিরিয়াল! বহু বাড়িতে আবার প্রবীণদের সেখানে প্রবেশ ‘নিয়ন্ত্রিত’। তাই ঘরে-বাইরে দুই জায়গাতেই নিঃসঙ্গ তাঁরা। কমছে বিনোদনের জায়গা। এই নিঃসঙ্গতা কাটাতে প্রবীণদের রেডিয়ো শোনার ডাক দিল হ্যাম রেডিয়োর ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাব। প্রায় ২০০ জন প্রবীণ নাগরিককে নিয়ে এক অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়েছে। রেডিয়ো ক্লাবের দাবি, এই প্রবীণরা যখন তরুণ ছিলেন, রেডিয়োর বাজার ছিল রমরমা। তাঁরা রেডিয়োর স্বর্ণযুগ দেখেছেন। তাই তাঁদের কাছে রেডিয়োর কদর এখনও রয়েছে। প্রবীণ দর্শকরা প্রশ্ন করেছেন, এখন রেডিয়ো কোথায় কিনতে পাওয়া যায়?

    রহড়ার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজের ভাষা বিভাগ শনিবার ও রবিবার প্রবীণদের নিয়ে দু’দিনের আলোচনা সভার আয়োজন করেছিল। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ভারত সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অব সোশ্যাল ডিফেন্স, সিনিয়র সিটিজেন ডিভিশন। সেখানে বিভিন্ন জায়গা থেকে ২০০ জন প্রবীণ নাগরিক উপস্থিত হয়েছিলেন। কলেজের অধ্যক্ষ স্বামী কমলাস্থানন্দ মহারাজ সহ একাধিক গবেষক, সমাজকর্মী ও বিশিষ্টরা উপস্থিত ছিলেন। রবিবার ‘রেডিয়ো প্রবীণদের নিঃসঙ্গতার সাথী ও জনজীবনের অঙ্গ’ শীর্ষক সেমিনারে বক্তা ছিলেন হ্যাম রেডিয়োর ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস। সেখানেই তিনি সবাইকে রেডিয়ো শোনার আহ্বান জানান। তিনি প্রবীণদের বলেন, ব্যাটারির রেডিয়ো কিনুন। ৭০০ টাকায় ভালো রেডিয়ো পাওয়া যায়। বিদ্যুৎ থাকুক না থাকুক, ব্যবহার করতে পারবেন। গান, আলোচনা, নাটক, খবর সবই শুনতে পাবেন বিনামূল্যে। তার জন্য কোনও রিচার্জ করতে হবে না।

    অম্বরীশবাবু বলেন, বহু প্রবীণ মানুষ আমাদের সঙ্গে আলাদা করে কথা বলেছেন। বাড়িতে অনেকেই টিভি দেখার সুযোগ পান না। সারাদিনই টিভিজুড়ে চলে সিরিয়াল। তাঁরা পছন্দের চ্যানেল দেখতে পান না। অনেকে এসে বলেন, তাঁদের স্মার্টফোন নেই। শুধুমাত্র কথা বলার জন্য কিপ্যাড ফোন দিয়েছে বাড়ির লোকজন। তাই আমরা বলেছি, আগের মতো সকলে রেডিয়ো ব্যবহার করুন। রিচার্জ করতে হয় না। স্মার্ট টিভি, স্মার্টফোনের চেয়ে দামও কম। বয়স্ককালে চোখের কোনো ক্ষতি হবে না। বাইরে গেলে সঙ্গীও হতে পারে এই বেতার যন্ত্র।
  • Link to this news (বর্তমান)