• দক্ষিণ ২৪ পরগনায় ভোটের উত্তাপে দেওয়ালজুড়ে ‘রিলিফ’ দিচ্ছে ব্যঙ্গ ছড়া
    বর্তমান | ১৭ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভোট ঘোষণার আগে থেকেই বিভিন্ন দল নানা ইস্যুতে পরস্পর পরস্পরকে কটাক্ষ, বিদ্রুপ করতে শুরু করেছে। ভোট যত এগিয়ে আসবে, ততই বাড়বে ঝাঁঝ, চড়বে নেতা-নেত্রীদের সুর। ভোটের এই উত্তাপের মধ্যে কিছুটা যেন ‘রিলিফ’ দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল কমিক। দেওয়ালজুড়ে ব্যঙ্গচিত্র। নিছক ব্যঙ্গের ভাষায় ডান-বাম উভয়পক্ষই পরস্পরকে আক্রমণে নেমেছে। সেই সব ছড়া দেখে সাধারণ মানুষও মুচকি হাসছেন। রাজনৈতিক কচকচানির আড়ালে সিপিএম, বিজেপি, তৃণমূলের এমন উদ্ভাবনী চিন্তা ভোটের লড়াইকে অন্য মাত্রা দিয়েছে বলে অভিমত সাধারণ মানুষের।

    কোথাও দু’-তিন লাইনের ছড়া কেটে সরকারি প্রকল্পের গুণগান গাওয়া হয়েছে, কোথাও আবার বিপক্ষ দলের নির্বাচনী স্লোগানকে কটাক্ষ করা হয়েছে। শাসকদল যেমন বিভিন্ন সরকারি প্রকল্প বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীকে হাতিয়ার করে দেওয়াল লিখছে, তেমনই পালটা বিদ্রুপ করছে বিরোধীরা। পদ্মপার্টি এবার ‘বাঁচতে চাই, বিজেপি তাই’ এই স্লোগান নিয়ে মাঠে নেমেছে। এই স্লোগানকেই ঘুরিয়ে তাদের পালটা দিয়েছে তৃণমূল। তারা লিখেছে, ‘বাঁচতে চাই, তাই বিজেপি তাড়াই।’ আরেক জায়গায় বিজেপি দেওয়াল লিখেছে, ‘জন্ম যখন হিন্দু কূলে, ভোট দেব পদ্মফুলে।’ দেওয়াল লিখনে জায়গা করে নিয়েছে এসআইআরও। তৃণমূলের পক্ষ থেকে ভোটার তালিকার নিবিড় সংশোধনকে কটাক্ষ করে ছড়ার আকারে বিজেপিকে বার্তা দেওয়া হয়েছে। তারা লিখেছে, ‘যতই করো এসআইআর, বাংলা ফের মমতার’।

    প্রার্থীর নাম ঘোষণার আগেই বিভিন্ন রাজনৈতিক দল পাড়ায় পাড়ায় দেওয়াল দখল করে চুনের প্রলেপ দিতে শুরু করে দিয়েছে। শুধু প্রার্থীর নাম লিখেই প্রচার করতে নারাজ বিভিন্ন দলের কর্মীরা। যে যার ইস্যুকে উল্লেখ করে ভরিয়ে দিচ্ছে একাধিক দেওয়াল। নির্বাচন ঘোষণা হওয়ায় এবার জোরকদমে শুরু হবে দেওয়াল লিখন। স্বাভাবিক কারণেই প্রার্থীদের নাম জ্বলজ্বল করবে বিভিন্ন দেওয়ালে। তারই মধ্যে দু’-চার লাইনের ছড়া কিছুটা হলেও রিলিফ দিচ্ছে জনগণকে।
  • Link to this news (বর্তমান)