১১ বছরে পৌনে ১০ লক্ষ কোটির ঋণ মকুব, অভিষেকের প্রশ্নে জানাল কেন্দ্র
বর্তমান | ১৭ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কোন কোম্পানির কত টাকা ঋণ মকুব করেছে মোদি সরকার? কৃষক বা ক্ষুদ্র ব্যবসায়ীদেরই বা কত? লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নের জবাব এড়িয়ে গেল কেন্দ্র। জানাল হল, কোম্পানি ভিত্তিক কোনো রেকর্ড নেই। তবে কোন বছরে কত টাকা ঋণ মকুব (রাইট অফ) করা হয়েছে, তা বলতে পারি। সেই মতো অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী লিখিতভাবে জানিয়েছেন, গত ১১ বছরে মোট ৯ লক্ষ ৭৪ হাজার ৫১৫ কোটি টাকা মকুব করা হয়েছে। মন্ত্রী এও বলেছেন, নির্দিষ্ট করে কোন ১০ টি বড় কোম্পানির কত ঋণ মকুব করা হয়েছে, তার কোনো হিসাব আরবিআই রাখে না।
অন্যদিকে, তৃণমূলের মালা রায়ের জমা দেওয়া লিখিত প্রশ্নের উত্তরে পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, মেডিকেলের ক্ষেত্রে কত মূল্যবৃদ্ধি হয়েছে, এবং সেই মতো স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের কী হার হয়েছে, তারও কোনো হিসেব সরকারের কাছে নেই। তবে নানা কারণে স্বাস্থ্য বিমার প্রিমিয়াম বাড়ে বলেই স্বীকার করে নিয়েছেন মন্ত্রী। দীপক অধিকারীর প্রশ্ন ছিল, ধান, গমের আগাছা পোড়ানোর জন্য স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব আটকাতে সরকার কিছু করেছে কি? জবাবে পরিবেশ রাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানিয়েছেন, উত্তর ভারতে এই ঘটনা ঘটে। তবে তা কমাতে সরকার নানাভাবে চেষ্টা করছে।
এদিন লোকসভায় রেলের ওপর আলোচনায় অংশ নিয়ে তৃণমূলের জুন মালিয়া বলেন, পশ্চিমবঙ্গে রেলের প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বৈমাতৃসুলভ আচরণ করছে। সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনের টিকিটে ছাড়ের দাবিও করেন তিনি।