শিলিগুড়িতে ফের এটিএম লুট করার ছক কষা হয়েছিল বলে অভিযোগ। এই অপরাধ করার জন্য চলেও এসেছিল চার যুবক। তবে অপরাধ করার আগেই তাদের ধরে ফেলল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যেয় তাদের শিলিগুড়ির (Siliguri) হিলকার্ট রোডের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের (Siliguri Police Commissionerate) তরফে জানানো হয়েছে, ধৃত চার জনেই বিহারের (Bihar) চম্পারণ জেলার বাসিন্দা। তাদের বয়স ২৪ থেকে ৩৪-এর মধ্যে। ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম রিজওয়ান আলম, আজাদ আলম, মহম্মদ ইমরান ওরফে ইমরান আখতার এবং শের মহম্মদ। তারা এটিএম (ATM) লুট বা প্রতারণার ছক কষেছিল। হিলকার্ট রোডের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের খালপাড়া ফাঁড়ির পুলিশ।
পুলিশ জানিয়েছে, সোমবার বিহার থেকে এসে হিলকার্ট রোডের একটি হোটেলে (Hotel) রুম নিয়ে থাকতে শুরু করে এই চার জন। কিন্তু মঙ্গলবার বিকেল হয়ে যাওয়ার পরেও সেই চার জনের কেউই একবারের জন্যও রুমের বাইরে আসেনি। ঘটনায় হোটেল কর্তৃপক্ষের মনে সন্দেহ দানা বাঁধে। মঙ্গলবার সন্ধ্যায় হোটেলের তরফে পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ ওই হোটেলে এসে চারজনের এই দলটিকে জিজ্ঞাসাবাদ শুরু করে।
পুলিশের দাবি, তাদের কথাবার্তায় অসঙ্গতি ছিল। তাই ওই ঘরেই তল্লাশি চালাতে শুরু করে পুলিশ। ধৃতদের থেকে বিভিন্ন নামে অন্য সব মানুষের আঠারোটি এটিএম কার্ড (ATM Card) উদ্ধার হয়। এ ছাড়াও নগদ লক্ষাধিক টাকা পাওয়া যায় তাদের থেকে।
পুলিশের ধারণা, শহরে এটিএম লুট বা জালিয়াতির জন্য এই দলটি হানা দিয়েছিল। বছর খানেকের মধ্যে একাধিকবার শিলিগুড়িতে এটিএম লুট হয়। সেই ঘটনাগুলির তদন্ত চলছে। চম্পাসারি এবং ইস্টার্ন বাইপাসে হওয়া এটিএম লুটের সঙ্গে এই দলটির কোনও যোগ রয়েছে কী না তাও খতিয়ে দেখছে পুলিশ।