• ‘ঠাকুরের আশীর্বাদ নিয়ে মানুষের দরজায় পৌঁছব...’, কামারপুকুরে পুজো ছয় বিজেপি প্রার্থীর
    এই সময় | ১৮ মার্চ ২০২৬
  • এই সময় আরামবাগ: বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত হুগলির আরামবাগ লোকসভা কেন্দ্রের অধীন মোট ছ’টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা মঙ্গলবার সকালে কামারপুকুর রামকৃষ্ণ মঠে পুজো দিয়ে আনুষ্ঠানিক ভাবে ভোটের প্রচার শুরু করলেন। এঁদের মধ্যে রয়েছেন আরামবাগ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হেমন্ত বাগ, গোঘাটের প্রার্থী প্রশান্ত দিগার, তারকেশ্বরের প্রার্থী সন্তু পান, খানাকুলের প্রার্থী সুশান্ত ঘোষ, পুরশুড়ার প্রার্থী বিমান ঘোষ এবং চন্দ্রকোনার প্রার্থী সুকান্ত দোলুই। তাঁদের সঙ্গে ছিলেন দলের নেতা–কর্মী ও সমর্থকরা।

    পুজো দিয়ে বিজেপির ছয় প্রার্থীই নিজ নিজ বিধানসভা কেন্দ্রে রওনা দেন। তার আগে তাঁরা কামারপুকুর এলাকায় রাস্তায় মিছিল করে গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের সমর্থনে প্রচার চালান। গোঘাটে প্রথমবারের জন্য ভোটে লড়ছেন প্রশান্ত। পথচলতি মানুষজনের সঙ্গে নতুন প্রার্থীর পরিচয় করিয়ে দেন পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষ। গেরুয়া আবির মাখিয়ে এবং ফুলের মালা পরিয়ে তাঁদেরকে অভ্যর্থনা জানান বিজেপি সমর্থকরা।

    কামারপুকুরে পুজো দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থীরা জানিয়েছেন, তাঁরা নিজেদের জয়ের ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী। আরামবাগের বিজেপি প্রার্থী হেমন্ত বাগ বলেন, ‘মানুষ পরিবর্তন চাইছেন।দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন থমকে রয়েছে। আমরা মানুষের পাশে থেকে উন্নয়নের রাজনীতি করতে চাই। তাই আজ ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা মানুষের দরজায় পৌঁছব।’

    গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার বলেন, ‘গ্রাম বাংলার মানুষ আজ বঞ্চিত। রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে কর্মসংস্থান, সব ক্ষেত্রেই সমস্যা রয়েছে। আমরা জয়ী হলে এই সমস্যাগুলির স্থায়ী সমাধান করব।’

    সাংবাদিকতার পেশা ছেড়ে তারকেশ্বর কেন্দ্রে প্রথমবার বিজেপির হয়ে ভোটে লড়ছেন প্রার্থী সন্তু পান। তিনি এ দিন বলেন, ‘দুর্নীতি ও স্বজনপোষণের বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ। মানুষ স্বচ্ছ প্রশাসন চায়। আমরা সেই প্রত্যাশা পূরণ করতে চাই।’

    পুরশুড়ার প্রার্থী বিমান ঘোষের কথায়, ‘এ বার পরিবর্তনের হাওয়া স্পষ্ট। সাধারণ মানুষ বিজেপির উপরে আস্থা রাখছেন। আমরা মানুষের আস্থা বজায় রেখে উন্নয়নের কাজ করব। পুরশুড়ায় তৃণমূলের যে কেউ প্রার্থী হোক। কিছু যায় আসে না। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হলেও তাঁকে হারাব।’ খানাকুলের বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ বলেন, ‘খানাকুলের মানুষ বিজেপির সঙ্গে আছে। খানাকুলে আবারও বিজেপিই জিতবে।’

  • Link to this news (এই সময়)