‘আগেই আভাস পেয়েছিলাম...’, দ্বিতীয়বার টিকিট না পেতেই মুখ খুললেন কাঞ্চন
এই সময় | ১৮ মার্চ ২০২৬
জল্পনা আগেই ছিল। মঙ্গলবার সেই জল্পনায় সিলমোহর পড়ল। বিধানসভায় টিকিট পেলেন না অভিনেতা কাঞ্চন মল্লিক। কাঞ্চনের পরিবর্তে এ বার উত্তরপাড়া থেকে তৃণমূল টিকিট দিয়েছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে। শোনা গিয়েছিল, স্থানীয় নেতা কাউন্সিলার ক্ষুব্ধ কাঞ্চনের উপর। বিরোধীরা কটাক্ষ করেন, বিধায়ককে তাঁর বিধানসভায় দেখা আর ডুমুর ফুল দেখার সমান। ঠিক সেই কারণেই কি এমন সিদ্ধান্ত নিল দল?
পাঁচ বছর আগে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে অভিনেতা কাঞ্চন মল্লিককে টিকিট দিয়েছিল তৃণমূল। নির্বাচনে জিতে বিধায়কের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন অভিনেতা। বিধায়ক পদের মেয়াদ শেষ হবে মে মাসে। সে দিক থেকে কাঞ্চন এখনও উত্তরপাড়ার বিধায়ক। আগামী পাঁচ বছরের জন্য কেন কাঞ্চনের উপর ভরসা রাখল না দল? জানতে এই সময় অনলাইন যোগাযোগ করেছিল কাঞ্চনের সঙ্গে।
অভিনেতা বলেন, 'আমাকে তো আগেই বলা হয়েছিল। আমিই আগেই আভাস পেয়েছিলাম। তা ছাড়া আমার সঙ্গে শীর্ষ নেতৃত্বের কথাও হয়েছে। পুরোপুরি দলীয় সিদ্ধান্ত। পাঁচ বছর বিধায়ক হিসাবে কাজ করেছি। বিধায়ক হিসাবে না থাকলেও দলের কর্মী হিসেবে দিদির পাশে ছিলাম, আছি এবং থাকব।'
কাঞ্চনের সঙ্গে দলের যে একটা প্রচ্ছন্ন দূরত্ব তৈরি হয়েছে, সেটা বোঝা গিয়েছিল সাম্প্রতিক অতীতের বিচ্ছিন্ন কয়েকটি ঘটনায়। দলীয় অনেক কর্মসূচিতেই সে ভাবে দেখা যেত না কাঞ্চনকে। ঠিক যেমন অভিযোগ ছিল, নিজের কেন্দ্রেই তাঁকে দেখতে পাওয়া যায় না। যদিও অভিনেতা-বিধায়কের দাবি, তাঁকে উত্তরপাড়ায় ‘দেখা যায় না’— এমন কেউ বা কারা প্রচার করতে চাইছেন। তবে আখেরে লাভ হবে না।’ বিরোধী নেতাদের অভিযোগ, উত্তরপাড়ার মানুষের সমস্যা সমাধানে গত চার বছরে বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। রাস্তাঘাটের অবস্থা বেহাল। বৃষ্টিতে জল জমার সমস্যা দীর্ঘ দিনের। কাঁঠালবাগান এলাকায় একটা ‘আন্ডারপাস’ বা ‘ওভারব্রিজ়’-এর দাবি নিয়ে কোনও উচ্চবাচ্যই নাকি কাঞ্চন করেননি। সব দেখেশুনেই কি দল কাঞ্চনকে টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নিল? উত্তরটা অবশ্য আড়ালেই...