মঙ্গলবার ২৯১ টি আসনে প্রার্থীতালিকা প্রকাশ করল তৃণমূল। অনেকেই ভেবেছিলেন তৃণমূলের প্রার্থী তালিকায় নাম থাকবে জাতীয় পুরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী ইমন চক্রবর্তীর। মাস খানেক আগেই ইমনের গলায় শোনা গিয়েছিল রাজ্য সরকারের কাজের খতিয়ানের গান 'লক্ষ্মীর পাঁচালী।' তা নিয়ে চর্চা হয়েছিল বিস্তর। জল্পনা তৈরি হয়েছিল, ইমন হয়তো যোগ দেবেন তৃণমূলে। ইমনের বঙ্গবিভূষণ সম্মান সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছিল।
তবে এ দিন বদলে গেল সমস্ত হিসাবনিকেশ। প্রার্থীতালিকায় নাম নেই ইমনের। ইমনের কাছে কি প্রার্থী হওয়ার প্রস্তাব গিয়েছিল? তিনি কি সচেতন ভাবেই সরে দাঁড়িয়েছেন? এই সময় অনলাইন যোগাযোগ করেছিল ইমনের সঙ্গে। ফোন ধরতেই একরাশ ক্ষোভ উগরে দিলেন গায়িকা। তিনি বলেন, 'আমাকে নিয়ে এই হাইপড তৈরি করেছিল মিডিয়া। আমি তো কখনও কিছুই বলিনি। আমার গান মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসেন। তার মানে এই নয় আমরা প্রতিবার ভোটে দাঁড়িয়ে পড়ব। এটা নিয়ে যে ভাবে চর্চা হয়েছে, তাতে আমি মেন্টাল ট্রমায় চলে গিয়েছি। আমি শিল্পী। আমার কাজ শুধু গান গাওয়া। আমি সেটাই করব। গত কয়েক দিন ধরে যেটা চলল, আজ সেটার উত্তর পাওয়া গেল। আশা করি এ বার সকলে শান্ত হবেন।'
ইমন নিজেও সোশ্যাল মিডিয়ায় এই জল্পনা নিয়ে মুখ খুলেছেন। ইমন লিখেছেন, 'বিগত কয়েকমাস ধরে আপনারা আমাকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়েছিলেন। এই যেমন উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বালি, সিমেন্ট, আমতলা, জামতলা ইত্যাদি। কেউ কেউ আবার কেওড়াতলাতেও নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন। এবার আপনাদের কাছে করজোড়ে একটি বিনীত অনুরোধ রাখছি- প্লিজ, আমাকে এবার একটু নিজের পায়ে দাঁড়াতে দিন।'