• ‘তৃণমূল সরকার ফ্যাসিস্ট’, অশ্বিনী বৈষ্ণবের মন্তব্যের পরে তর্কে দুই ফুল
    এই সময় | ১৮ মার্চ ২০২৬
  • এই সময়, নয়াদিল্লি: বাংলায় বিধানসভা ভোটের আঁচ এ বার দিল্লিতে সংসদীয় কক্ষ এবং অলিন্দেও, যেখানে রাজ্যের শাসক ও বিরোধী দল পরস্পরকে তোপ দাগতে শুরু করেছে৷ মঙ্গলবার লোকসভায় রেল মন্ত্রকের বরাদ্দ সংক্রান্ত আলোচনার জবাবি ভাষণে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের রেল প্রকল্পের জমি জটের অভিযোগ জানিয়ে রাজ্যকে নিশানা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ তাঁর তোপ, ‘পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকার ফ্যাসিস্ট সরকার৷ তারা রাজ্যের সার্বিক বিকাশ চায় না৷ তারা উন্নয়ন বিরোধী৷’ রেলমন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ভোটব্যাঙ্কের রাজনীতি করে না৷

    এর তীব্র প্রতিবাদ জানান তৃণমূল সাংসদরা৷ বর্ষীয়ান সাংসদ সৌগত রায় অভিযোগ জানান, পশ্চিমবঙ্গের জন্য আগে ঘোষিত বেশ কয়েকটি রেল প্রকল্পের কাজ এখনও শেষ করতে পারেনি মোদী সরকার৷ আরামবাগ-বিষ্ণুপুর লাইন এবং বারাসত-গড়িয়া মেট্রো রুটের কাজের গতি এত ধীর কেন, সেই প্রশ্ন তোলেন তিনি৷

    তৃণমূলের লোকসভার ডেপুটি লিডার শতাব্দী রায় বলেন, ‘৩৮ ঘণ্টায় জার্নি সম্পন্ন করা হাওড়া-অমৃতসর মেল এবং ২৬ ঘণ্টার গরিব রথ এক্সপ্রেসে নেই কোনও প্যান্ট্রি কার৷ ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে৷ এ নিয়ে রেল মন্ত্রক উদাসীন।’

  • Link to this news (এই সময়)