• লাভলি মৈত্রর হাত ধরে তৃণমূলে যোগদানের ঢল, প্রার্থী ঘোষণার পরেই বিরোধী দলে ভাঙন সোনারপুর দক্ষিণে
    এই সময় | ১৮ মার্চ ২০২৬
  • তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিরোধী শিবিরে বড়সড় ভাঙন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। মঙ্গলবার রাজপুর টাউনে তৃণমূল কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠান মঞ্চে বিজেপি ও সিপিএম ছেড়ে বহু কর্মী-সমর্থক ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। এ দিন সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র (Lovely Maitra) নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন। রাজ্যে ভোটের মুখে এই দলবদল এলাকার রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

    নবাগতদের স্বাগত জানিয়ে লাভলি মৈত্র বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের উপর ভরসা রেখেই সাধারণ মানুষ তৃণমূলে শামিল হচ্ছেন। আগামী দিনে আরও অনেকে দলে যোগ দেবেন বলে আমরা আশাবাদী।’

    এ দিন বিরোধী দল ছেড়ে তৃণমূলের যোগ দেওয়ার তালিকায় রয়েছেন, বিজেপির বুথ সভাপতি নিরুপম রায় এবং বাম কর্মী শেখর মান্না। নিরুপম রায় বলেন, ‘৩০ থেকে ৩৫ জন কর্মী এ দিন তৃণমূলে যোগ দিয়েছেন। এলাকার উন্নয়নের স্বার্থেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’

    শেখর মান্না বলেন, ‘উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতে সিপিএম ছেড়ে তৃণমূলে এসেছি। আগামী দিনে এলাকার উন্নয়নের লক্ষ্যে আরও কাজ করতে চাই।’

  • Link to this news (এই সময়)