আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা হয়েছে আগেই। সেইমতো বিভিন্ন দল নিজেদের মতো প্রার্থী তালিকা ঘোষণা করছে। প্রশাসনিক মহলে হয়েছে বেশকিছু রদবদলও। এবার সেই তালিকায় যুক্ত হল রাজ্যের ডিআইজি। রাজ্যের ৫ জায়গায় ডিআইজি বদল করল নির্বাচন কমিশন।অবিলম্বে এই রদবদল করে রিপোর্ট দিতে হবে, নির্দেশ কমিশনের। ভোটের আগে রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের সরাল নির্বাচন কমিশন।
রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি হলেন রাঠোর অমিতকুমার ভরত। মুর্শিদাবাদের ডিআইজি হলেন অজিত সিং যাদব। বর্ধমানের ডিজআইজি হলেন শ্রীহরি পান্ডে। প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি হলেন কঙ্কর প্রসাদ বারুই এবং জলপাইগুড়ির ডিআইজি হলেন অঞ্জলি সিং।
প্রসঙ্গত, রবিবার রাজ্যের মুখ্য ও স্বরাষ্ট্রসচিব পদে রদবদল করেছে নির্বাচন কমিশন। অদলবদল করা হয়েছে শীর্ষ পুলিশ পদেও। রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারকে বদলে দিয়েছে নির্বাচন কমিশন।
রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন সিদ্ধনাথ গুপ্ত। ওই পদে ছিলেন পীযূষ পাণ্ডে। কলকাতার কমিশনার পদ থেকে সরানো হয়েছে রাজ্য সুপ্রতীম সরকারকে। ওই জায়গায় বসানো হয়েছে অজয় কুমার নন্দাকে। ডিজি (সংশোধনাগার) করা হয়েছে নটরাজন রমেশ বাবুকে। এডিজি (আইন-শৃঙ্খলা) করা হল অজয় মুকুন্দ রানাডে-কে।
রবিবারই পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশনার। সেই রাতেই আইপিএস স্তরে রদবদলের নির্দেশ দেয় কমিশন। নন্দিনী চক্রবর্তীকে রাজ্যের মুখ্যসচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বদলে নিয়োগ করা হয় দুষ্মন্ত নারিয়ালাকে। রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদ থেকে জগদীশপ্রসাদ মীনাকে সরিয়ে সংঘমিত্রা ঘোষকে দায়িত্ব দেওয়া হয়।