• দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচনী আচরণ ভঙ্গের অভিযোগ
    আজকাল | ১৮ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বিজেপি নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে এবার নির্বাচনী বিধিবঙ্গের অভিযোগ তুলে কমিশনকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। বিগত কয়েকদিন আগে তাঁর করা মন্তব্যকে তুলে ধরে কমিশনকে চিঠি দিয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। 

    চিঠিতে উল্লেখ করা হয়েছে বিগত কয়েকদিন আগে বিজেপির এই নেতা বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন। চিঠিতে লেখা রয়েছে দিলীপ ঘোষ বলেছেন, “আমাদের কর্মীরা তৈরি হয়ে আছে। তারপর খালি মাথায় বাঁধা হবে না, অনেক জায়গায় বাঁধা হবে। বাইরের লোক লাগে না। আমরাই তৃণমূলকে... পারি। এবং সারা পশ্চিমবাংলাতে...। আমরা বলে দিচ্ছি। আমি আজকে আহ্বান করছি আমাদের কর্মীদের।”

    প্রসঙ্গত, বিজেপি ব্রিগেড সভার দিনেই নিজের বাড়িতেই আক্রান্ত হয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তারপর থেকেই এই বিষয়ে বিশেষ সতর্ক অবস্থান নিয়েছে তৃণমূল কংগ্রেস। দিলীপ ঘোষের মন্তব্যকে সরাসরি আক্রমণ বলেই মনে করা হচ্ছে বলেই জানিয়েছে তৃণমূল।

    ইতিমধ্যেই নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গিয়েছে। তাই গোটা বিষয়টি কমিশনের অন্তর্গত। বিজেপি নেতা দিলীপের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের কাছে আবেদন করেছে তৃণমূল। বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতি খড়গপুর থেকে ভোট লড়ছেন। নির্বাচনের আঁচে ঘি পড়ার আগেই ময়দানে দিলীপ-তৃণমূল দ্বৈরথে সরগরম রাজ্য রাজনীতি।

    প্রসঙ্গত, রাজনীতির ময়দানে বরাবরই ঠোঁটকাটা হিসেবে পরিচিত বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথা নিয়ে আগেও বহুবার নানা জল্পনা তৈরি হয়েছে। ২০২৬-এর নির্বাচনও তার ব্যতিক্রম নয়। এবারেও ফের একবার ভোটের শুরুতেই রণংদেহী মেজাজ নিয়েছেন বিজেপির এই প্রার্থী। তাই কালবিলম্ব না করে তাঁর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস।

    এবার দুই দফাতেই পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনের নির্বাচন। প্রথম দফায় ১৬ এবং দ্বিতীয় দফায় সাতটি জেলায় নির্বাচন রয়েছে। তবে নির্বাচন কমিশন কলকাতাকে দু’টি নির্বাচনী জেলা হিসাবে ভাগ করেছে। সেই হিসাবে দ্বিতীয় দফায় আটটি নির্বাচনী জেলায় ভোট হবে। ভোটের ফলঘোষণা আগামী ৪ মে, সোমবার।

    ২৩ এপ্রিল, বৃহস্পতিবার প্রথম দফায় মোট ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। কমিশনের ঘোষণা অনুযায়ী, ওই দফায় সমগ্র উত্তরবঙ্গের জেলাগুলির ভোটগ্রহণ হয়ে যাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার পাশাপাশি প্রথম দফায় জঙ্গলমহলেও নির্বাচন রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদে প্রথম দফায় নির্বাচন। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও প্রথম দফায় ভোট। আবার দুই বর্ধমানে দুই দফায় হবে ভোটগ্রহণ। প্রথম দফায় পশ্চিম বর্ধমানে ভোট রয়েছে। ২৯ এপ্রিল, বুধবার দ্বিতীয় দফায় মোট ১৪২টি আসনে নির্বাচন রয়েছে। ওই দিন কলকাতা-সহ পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় ভোটগ্রহণ।

     
  • Link to this news (আজকাল)