• একগুচ্ছ জেলাশাসককে বদল করল নির্বাচন কমিশন
    আজকাল | ১৮ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ রাজ্য নির্বাচনের দিন ঘোষণা হতেই প্রশাসনিক মহলে বেশ কিছু রদবদল হয়েছে। বুধবারই রাজ্যের ৫ জায়গায় ডিআইজি বদল করে নির্বাচন কমিশন। তার ঠিক এক ঘণ্টার মধ্যেই ফের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, রাজ্যের একাধিক জেলাশাসককে তথা জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)–কে বদল করল নির্বাচন কমিশন। এছাড়াও, কলকাতার দুই ডিইও–কেও বদল করেছে কমিশন। বুধবারই এই মর্মে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন।

    কোচবিহারে নতুন জেলাশাসক হয়েছেন জিতেন যাদব। জলপাইগুড়ির জেলাশাসক করা হয়েছে সন্দীপ ঘোষকে। এছাড়া উত্তর দিনাজপুরে বিবেক কুমারকে জেলাশাসক করা হয়েছে। এছাড়া মালদায় রাজনবীর সিং কাপুর, মুর্শিদাবাদে আর অর্জুন, নদিয়ায় শ্রীকান্ত পাল্লি, পূর্ব বর্ধমানে শ্বেতা আগরওয়াল, উত্তর ২৪ পরগনায় শিল্পা গৌরিসারিয়া, দক্ষিণ ২৪ পরগনায় অভিষেক কুমার তিওয়ারি, দার্জিলিংয়ে হরিচন্দ্র পানিকর এবং আলিপুরদুয়ারে টি বালাসুব্রহ্মণ্যমকে জেলাশাসক করেছে নির্বাচন কমিশন। 

    এছাড়া কলকাতার দুই নির্বাচনী আধিকারিক (ডিইও)–কেও বদল করেছে নির্বাচন কমিশন। বুধবার পুর কমিশনার সুমিত গুপ্তের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে স্মিতা পাণ্ডেকে। আর দক্ষিণ কলকাতায় নতুন ডিইও করা হয়েছে রনধীর কুমারকে। অবিলম্বে এই নির্দেশিকা কার্যকর করতে হবে বলে জানিয়েছে কমিশন। বৃহস্পতিবার বিকেল ৩টের মধ্যে এই আধিকারিকদের কাজে যোগদানের সম্মতিসূচক রিপোর্ট পাঠাতে বলেছে কমিশন। 

    এর আগে বুধবারই পাঁচ ডিআইজি–কে বদল করার নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন। রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি হয়েছেন রাঠোর অমিতকুমার ভরত। মুর্শিদাবাদের ডিআইজি হলেন অজিত সিং যাদব। বর্ধমানের ডিআইজি হলেন শ্রীহরি পান্ডে। প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি হলেন কঙ্কর প্রসাদ বারুই এবং জলপাইগুড়ির ডিআইজি করা হয়েছে অঞ্জলি সিংকে।

     
  • Link to this news (আজকাল)