• শুভেন্দুর ঘরে ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আর এক পঞ্চায়েত প্রধান
    আজ তক | ১৮ মার্চ ২০২৬
  • বিধানসভা ভোট এলেই হটসিট হয়ে ওঠে নন্দীগ্রাম বিধানসভা। ২০২১-এর নির্বাচনে ভোটের ভরকেন্দ্র ছিল এই নন্দীগ্রাম। কারণ গতবার এই আসনে প্রার্থীরা ছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়, শুভেন্দু অধিকারী ও মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই ভোটে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ১৯৫৬ ভোটে পরাজিত করেছিলেন শুভেন্দু। 

    কিন্তু এবার নন্দীগ্রামে প্রার্থী বদল করেছে তৃণমূল কংগ্রেস ও বামেরা। ফলে নন্দীগ্রাম যে ২৬-এর বিধানসভা আসনেও একেবারে মূল ফোকাসে রয়েছে, তা মানতে নারাজ অনেকেই। তবে ভোট বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এবারে নন্দীগ্রামে শুভেন্দুকে প্যাঁচে ফেলতে 'মাস্টারস্ট্রোক' দিয়েছে তৃণমূল। আসলে গতকালই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন শুভেন্দু-ঘনিষ্ঠ পবিত্র কর। এই নতুন সদস্যকেই শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করেছে তৃণমূল। 

    তবে বুধবার আবার শুভেন্দুর গড়ে ধাক্কা। মঙ্গলবার  তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের হাত থেকে পতাকা হাতে নিয়েছিলেন পবিত্র। আর আজ তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়ের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন বিজেপি পরিচালিত বয়াল ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান শিউলি বেরা কর। তিনি পবিত্র করের স্ত্রী।

    সূত্রের খবর, তৃণমূলের পবিত্রের নাম ঘোষণার পর সন্ধ্যে থেকে নানা কর্মসূচির পরে জেলা তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বরা পবিত্রবাবুর বাড়িতে আসেন আসন্ন নির্বাচনের রণকৌশল ঠিক করতে। তারপরই তাঁর স্ত্রী তৃণমূলে যোগ দেন।

    পবিত্র কর কে?

    দাবি করা হয়, ২০২১ সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে যে স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল,তার অন্যতম কারিগর এই পবিত্র কর। জেলায় শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত এই নেতা। এই পবিত্র অতীতেও তৃণমূল কংগ্রেসে ছিলেন। ২০২০ সালে যখন শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগ দিলেন, তার কিছুদিন পরেই পবিত্রও বিজেপি-তে যান।

    তৃণমূল সূত্রে দাবি, শুভেন্দু অধিকারীর গড়ে ঢুকে তাঁর ঘর ভেঙে শীর্ষস্থানীয় নেতাকে তুলে তাঁকেই শুভেন্দুর বিরুদ্ধে দাঁড় করানো হল। নন্দীগ্রামের ভোটিং ট্রেন্ড জানেন পবিত্র। তাঁর সেই অভিজ্ঞতা কাজে লাগবে। একই সঙ্গে নিজে যেহেতু প্রার্থী, তাই নিজের সবটুকু উজাড় করে দিতে চাইবেন পবিত্র। 
  • Link to this news (আজ তক)