সাপ্লিমেন্টারি লিস্টে কত ভোটার বাদ পড়বে? বড় ইঙ্গিত কমিশনের
আজ তক | ১৮ মার্চ ২০২৬
ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। অধিকাংশ কেন্দ্রে ঘোষিত হয়েছে প্রার্থীদের নামও। শুরু হয়েছে প্রচার পর্ব। কিন্তু এখনও বিচারাধীন ভোটারদের কোনও ভবিষ্যৎ নির্ধারিত হল না। এই নিয়ে উদ্বেগের মাঝেই কিছুটা অগ্রগতির কথা শোনাল নির্বাচন কমিশন।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে জানানো হয়েছে, সাপ্লিমেন্টারি লিস্ট ২০ মার্চ শুক্র কিংবা ২১ মার্চ শনিবারের মধ্যে বেরিয়ে যেতে পারে। এই তালিকায় ৬০ লক্ষের মধ্যে ২০ লক্ষের নামের নিষ্পত্তি হয়েছে বলে খবর। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত সংবাদমাধ্যমে বলেন, 'সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কাজ হচ্ছে। ট্রাইব্যুনালে কারা থাকবেন তা দু-একদিনের মধ্যে আমাদের জানিয়ে দেবেন হাইকোর্টের বিচারপতি।'
নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের এক আধিকারিক বলেন, '২০ লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। তবে এর মধ্যে ৩০% ভোটারের নাম বাদ পড়েছে।' অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্টে এই ৩০% ভোটারের নাম বাদ থাকবে। ৭০০ জন জুডিশিয়াল অফিসার এই নামের নিষ্পত্তির কাজে নিযুক্ত রয়েছেন।
কলকাতা হাইকোর্টে বৈঠকের পর CEO মনোজ আগরওয়াল জানিয়েছেনস ট্রাইব্যুনাল গঠনের কাজও প্রায় শেষ পথে। তবে মনোনয়ন পত্র জমা দেওয়া শেষ হওয়ার আগে যাচাই ও অভিযোগ নিষ্পত্তির কাজ শেষ হবে কি না, সে ব্যাপারে কমিশনের তরফে কোনও উত্তর মেলেনি।
প্রার্থী তালিকা একে একে বের করেছে রাজনৈতিক দলগুলি। তাতে দেখা যাচ্ছে BJP-র আউশগ্রামের প্রার্থী কলিতা মাজি, TMC-র শ্যামপুকুরের প্রার্থী শশী পাঁজা, সাগরদিঘির প্রার্থী বাইরন বিশ্বাস, গোয়ালপোখরে গোলাম রব্বানির নাম রয়েছে। তাঁরা সকলেই বিচারাধীন তালিকায় রয়েছেন। সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি লিস্টে তাঁদের নামের নিষ্পত্তি না হলে তাঁরা মনোনয়ন কীভাবে জমা করবেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।