• ভোটের মুখে প্রশাসনিক রদবদল, পাঁচ জেলায় নতুন ডিআইজি পাঠাল নির্বাচন কমিশন
    দৈনিক স্টেটসম্যান | ১৮ মার্চ ২০২৬
  • কমিশনের নির্দেশ অনুযায়ী, রথোড় অমিতকুমার ভারতকে রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি করা হয়েছে। অজিত সিং যাদবকে পাঠানো হয়েছে মুর্শিদাবাদে। শ্রীহরি পাণ্ডে দায়িত্ব নেবেন বর্ধমানে। কঙ্কর প্রসাদ বারুইকে প্রেসিডেন্সি রেঞ্জ এবং অঞ্জলি সিংহকে জলপাইগুড়ির ডিআইজি হিসেবে নিয়োগ করা হয়েছে। ভোটের আগে গুরুত্বপূর্ণ জেলাগুলিতে অভিজ্ঞ অফিসারদের বসিয়ে নজরদারি জোরদার করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।

    নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, সংশ্লিষ্ট আধিকারিকদের যোগদানের রিপোর্ট ১৯ মার্চ সকাল ১১টার মধ্যে পাঠাতে হবে। পাশাপাশি যাঁদের এই বদলির আওতায় আনা হয়েছে, তাঁদের নির্বাচন-সংক্রান্ত অন্য কোনও দায়িত্বে রাখা যাবে না বলেও নির্দেশ দিয়েছে কমিশন। ফলে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে কোনও রকম ফাঁক রাখা হচ্ছে না বলেই ইঙ্গিত মিলছে।

    ভোটের আগে এ ধরনের প্রশাসনিক রদবদল নতুন কিছু নয়। অতীতেও একাধিকবার নির্বাচন কমিশন শেষ মুহূর্তে বড় পদক্ষেপ নিয়ে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবমুক্ত রাখার চেষ্টা করেছে। এবারের নির্দেশও সেই ধারারই অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    রাজ্যের রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। একাংশ এই পদক্ষেপকে স্বাগত জানালেও অন্যদের মতে, কমিশনের এই কড়াকড়ি ভোটকে আরও নিয়ন্ত্রিত করতে পারে। তবে সব মিলিয়ে স্পষ্ট, আসন্ন ভোটকে ঘিরে কোনও ঝুঁকি নিতে নারাজ কমিশন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)