বীরভূমে বিপুল পরিমাণে জিলেটিন স্টিক-ডিটোনেটর উদ্ধারে চাঞ্চল্য
দৈনিক স্টেটসম্যান | ১৮ মার্চ ২০২৬
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নলহাটি থানার অন্তর্গত বাউটিয়া পঞ্চায়েতের কাঁদাসীর এলাকায় একটি সন্দেহজনক ট্রাক্টর দেখে স্থানীয়দের সন্দেহ হয়। গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালাতেই সামনে আসে চমকপ্রদ তথ্য—কাগজের বাক্সের মধ্যে সাজানো ছিল বিপুল পরিমাণ জিলেটিন স্টিক ও ডিটোনেটর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ট্রাক্টরটি বাজেয়াপ্ত করে এবং বিস্ফোরক উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রায় ১০ হাজার জিলেটিন স্টিক এবং ৩৬০টি ডিটোনেটর উদ্ধার হয়েছে।
এই বিপুল পরিমাণ বিস্ফোরক কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর সঙ্গে কারা জড়িত—তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। ভোটের আগে কোনও নাশকতার ছক ছিল কি না, নাকি অন্য কোনও অবৈধ কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল—তা খতিয়ে দেখছে পুলিশ। ট্রাক্টরের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। বিজেপি নেতা ধ্রুব সাহা অভিযোগ করেছেন, এই বিস্ফোরক পাচারের পিছনে শাসক দলের মদত থাকতে পারে। পাশাপাশি তিনি দাবি করেছেন, এলাকায় অবৈধ পাথর খাদান চালাতে এই ধরনের বিস্ফোরক মজুত করা হয়। যদিও পাথর খাদান অ্যাসোসিয়েশন বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু জানায়নি। পাথর খাদান অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি চন্দ্রজিত গুপ্ত বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।”
অন্যদিকে নলহাটি তৃণমূল শহর সভাপতি পিন্টু সিং জানিয়েছে, বিষয়টি পুলিশ তদন্তের মাধ্যমেই পরিষ্কার হবে। সদ্য দায়িত্ব নেওয়া বীরভূমের পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদবও জানিয়েছেন, ‘আমি জেলায় আজ যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। পুরো বিষয়টি খতিয়ে দেখছি।‘