একসময়ে বল হাতে ব্যাটারদের ত্রাস ছিলেন শিবশঙ্কর পাল (Shib Shankar Paul)। ক্রিকেট মাঠে যিনি পরিচিত ম্যাকো নামে। মঙ্গলবার থেকে ময়দান বদলে ফেলেছেন তিনি। এ বার ভোটের লড়াইয়ে নামবেন। বিধানসভা নির্বাচনে তুফানগঞ্জে তৃণমূলের প্রার্থী হয়েছেন। এই বিধানসভায় গত বার হেরেছিলেন তৃণমূলের প্রণব কুমার দে। কঠিন পিচে নামিয়ে দেওয়া হলো শিবশঙ্করকে। উইকেট তুলতে পারবেন কী?
কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভায় এখন বিধায়ক বিজেপির মালতি রাভা রায়। এ বারও তাঁকে প্রার্থী করেছে বিজেপি। বিজেপির এই শক্ত ঘাঁটিতে সেলিব্রেটি প্রার্থী দিলেও লড়াইটা কঠিনই রয়েছে শাসক দলের জন্য। তবে সেই কঠিন লড়াইকে খুব একটা পাত্তা দিচ্ছেন না শিবশঙ্কর। তিনি বলেন, ‘লড়াই করেই উঠে এসেছি। সেটা আমার কাছে কোনও ব্যাপার নয়। খেলার মাঠের লড়াই অনেক কঠিন। সেই লড়াই যখন পার করে এসেছি, তখন এটাও পারব।’ জয়ের ব্যাপারে ২০০% নিশ্চিত শিবশঙ্কর।
তুফানগঞ্জ পুরসভা, তুফানগঞ্জ এক ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত এবং তুফানগঞ্জের দুই ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত এই বিধানসভা কেন্দ্র। ২০২১ সালে এই কেন্দ্রে মালতি রাভা ৩০ হাজারের বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রণব কুমার দে-কে পরাজিত করেছিলেন।
পরবর্তীতে ২০২২ সালের পুরসভা নির্বাচনে ও তুফানগঞ্জ শহরের ১২টি ওয়ার্ডে লিড ছিল বিজেপির। ২০২৪-এর লোকসভা নির্বাচনে সেখানে বিজেপির আলিপুরদুয়ারের বর্তমান সাংসদ মনোজ টিজ্ঞা ৬৫০০-এর বেশি ভোটে লিড নিয়েছিলেন।
তুফানগঞ্জ ২ ব্লকে যথেষ্ট শক্তিশালী সংগঠন রয়েছে বিজেপির। সব মিলিয়ে শিবশঙ্করের জন্য তুফানগঞ্জ হোম টাউন এবং তৃণমূলের প্রার্থী হওয়া ছাড়া আর কোনও ইতিবাচক দিক নেই। তাই শিবশঙ্করের লড়াইটা বেশ কঠিন হবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
তথ্য সহায়তা: চাঁদকুমার বড়াল