• নজরে নন্দীগ্রাম, নাম ঘোষণার পরেই রং-তুলি নিয়ে দেওয়াল লিখনে পবিত্র
    এই সময় | ১৮ মার্চ ২০২৬
  • তৃণমূল প্রার্থী (West Bengal Assembly Election) তালিকা ঘোষণা করেছে মঙ্গলবার। বুধবার থেকেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন নন্দীগ্রামের প্রার্থী পবিত্র কর (Pabitra Kar)। একদা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন যে পবিত্র, এ বার তিনিই লড়ছেন শুভেন্দু অধিকারীর প্রতিপক্ষ হয়ে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এপিসেন্টার ছিল নন্দীগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর সেই দ্বৈরথ দেখেছে বাংলা। ভোটে জিতেছিলেন শুভেন্দু। শুভেন্দুকে জেতাতে যাঁদের ভূমিকা নিয়ে সেই সময়ে রীতিমতো আলোচনা হয়েছিল, তার মধ্যে অন্যতম এই পবিত্র।

    পবিত্র নন্দীগ্রামের ভূমিপুত্র। একুশের ভোটে তাৎপর্যপূর্ণ ভূমিকা ছিল তাঁর। ছাব্বিশের ভোটের আগে সেই পবিত্র তৃণমূলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে দ্বিতীয় ইনিংস শুরু করলেন তিনি। আর শুরুই করলেন নন্দীগ্রামের প্রার্থী হয়ে।

    এক সময়ে তৃণমূলেই ছিলেন পবিত্র। পরে বিজেপিতে যোগ দেন। আবারও ফিরলেন তৃণমূলে। নন্দীগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী হিসেবে পবিত্র করের নাম ঘোষণা হয় বুধবার। সেই নাম ঘোষণার পর থেকে কর্মী সমর্থকদের নিয়ে নিজে হাতে দেওয়াল লিখন ও প্রচার শুরু করে দিয়েছেন তিনি।

    পবিত্র কর বলেন, ‘নাম ঘোষণা হওয়ার পরে এখানকার কর্মী-সমর্থকেরা ঝাঁপিয়ে পড়েছেন। আমি শুধু সকলের সঙ্গ দিয়ে দেওয়াল লিখন ও প্রচার শুরু করেছি।’

    নন্দীগ্রাম-১ ব্লকের বিজেপি মণ্ডল-২ সভাপতি সুদীপ দাস বলেন, ‘প্রার্থী তালিকা প্রকাশের আগেই আমরা শুভেন্দু অধিকারীর সমর্থনে দেওয়াল লিখন শুরু করে দিয়েছিলাম। কোন দল কোথায় কী করল, আমাদের ভাবায় না। আমাদের নেতা শুভেন্দু অধিকারী বিপুল ভোটে জয়লাভ করছেন, তা এখন শুধু সময়ের অপেক্ষা।’

    পাল্টা তৃণমূল নেতা সামসুল ইসলাম বলেন, ‘আমরা আগে থেকেই একাধিক জায়গায় দেওয়ালে চুনকাম করে রেখেছিলাম। শুধু প্রার্থীর নামের অপেক্ষায় ছিলাম। আমরা ওদের মতো নয়। দলের নিয়ম মেনেই কাজ করে এসেছি। আর কাজ করে যাব।’

  • Link to this news (এই সময়)