• ‘প্রার্থী হতে চাই না’, বৈশালী ডালমিয়ার চিঠি শমীককে
    এই সময় | ১৯ মার্চ ২০২৬
  • নির্বাচনে প্রার্থী হতে চেয়ে উপচে পড়ে আবেদন। কিন্তু কেউ যে যেচে প্রার্থী হতে চান না, এমনটা সাধারণত রাজনীতিতে দেখা যায় না। তবে এ বার তেমনটাই হয়েছে। বিজেপির (BJP) বৈশালী ডালমিয়া (Baishali Dalmia) প্রার্থী হতে না চেয়ে চিঠি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে (Shamik Bhattacharya)। বৈশালী নিজেই জানালেন সে কথা।

    সুদক্ষ ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়ার মেয়ে বৈশালী ডালমিয়া ২০১৬ সালে তৃণমূলের টিকিটে ভোটে লড়েন। জিতে হাওড়ার বালির বিধায়ক হন তিনি। পাঁচ বছর তৃণমূলে ছিলেন। কিন্তু ২০২১-এর বিধানসভা ভোটের আগে যখন চার্টার্ড বিমানে করে দিল্লি গিয়ে বিজেপিতে যোগদানের পর্ব চলছে, সেই তালিকায় ছিলেন বৈশালীও।

    সে বার বিজেপি তাঁকে প্রার্থী করলেও হেরে যান। বৈশালী বলেন, ‘আমি নিজে বলেছি, প্লিজ ২০২৬-এ আমাকে প্রার্থী করবেন না। আসলে আমি একটা বড় প্রজেক্টের কাজে ব্যস্ত। বাবার নামে স্কুল করছি। তা নিয়ে এখন খুবই ব্যস্ততা। আমি আগে যখন বিধায়ক ছিলাম, খুবই দায়িত্ব নিয়ে সেই কাজ সামলেছি। আসলে আমি যখন যে কাজই করি, খুব মন দিয়ে সেই দায়িত্ব পালন করি। এখন মানুষের সেবার দায়িত্ব নিয়ে যদি তাতে কোনও খামতি থাকে, তাই আমার টিকিট ছেড়ে দিলাম। মানুষের জন্য করব, যখন মন দিয়েই করব। আমি যখন রাজনীতিতে ছিলাম না তখনও কাজ করেছি।’

    এ কেন্দ্রের বিদায়ী বিধায়ক তৃণমূলের রানা চট্টোপাধ্যায়। এ বার তৃণমূলের প্রার্থী কৈলাশ মিশ্র। বালিতে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। এ কেন্দ্রে বিজেপির মুখ কে হন, এখন সেটাই দেখার।

  • Link to this news (এই সময়)