• ভোটের আগে আইপিএস স্তরে বড়সড় রদবদল, একাধিক আধিকারিককে সরাল কমিশন
    দৈনিক স্টেটসম্যান | ১৯ মার্চ ২০২৬
  • বুধবার রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিশনের নির্দেশ মেনে এই বদলিগুলি অবিলম্বে কার্যকর করা হয়েছে।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, এতদিন দক্ষিণবঙ্গের এডিজি ও আইজি পদে থাকা রাজীব মিশ্রকে এডিজি মডার্নাইজেশন অ্যান্ড কো-অর্ডিনেশন পদে নিয়ে যাওয়া হয়েছে। প্রবীন কুমার ত্রিপাঠী ও সুনীল কুমার চৌধুরীকে এসটিএফ-এর আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সুখেশ কুমার জৈনকে পাঠানো হয়েছে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের আইজি পদে। পাশাপাশি, আকাশ মাঘারিয়া ও ড. কোটেশ্বর রাওকে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ডিআইজি করা হয়েছে। তবে লক্ষ্মী নারায়ণ মীণা সংশোধনাগার পরিষেবার এডিজি ও আইজি পদে বহাল থাকছেন। পাশাপাশি তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এসসিআরবি-র এডিজি পদও সামলাবেন।

    জেলা স্তরেও একাধিক পুলিশ সুপারকে রদবদল করা হয়েছে। জবি থমাস কে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ইন্দিরা মুখোপাধ্যায়, পারিজাত বিশ্বাস, প্রিয়ব্রত রায়, অমনদীপ, কামনাশিস সেন, বিশ্বপ সরকার, ধৃতিমান সরকার, সন্দীপ কারা, আরিশ বিলাল, হোসেন মেহেদি রহমান ও পলাশ চন্দ্র ধলির মতো আধিকারিকদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এসটিএফ, সিআইডি-সহ বিভিন্ন শাখায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘জনস্বার্থে’ এই বদলিগুলি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। নির্বাচন কমিশনের নির্দেশে যাঁরা এতদিন বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন, তাঁদের নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে সরিয়ে অ-নির্বাচনী পদে পাঠানো হয়েছে।

    ভোটের আগে প্রশাসনিক স্তরে ধারাবাহিক এই রদবদল নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখার প্রচেষ্টার অংশ হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)