• প্রার্থী ঘোষণার পরের দিনই প্রচারে ইমানি বিশ্বাস, বিড়ি শ্রমিকদের সঙ্গে কথা
    এই সময় | ১৯ মার্চ ২০২৬
  • প্রার্থী ঘোষণা হতেই প্রচারে নেমে পড়লেন সুতি বিধানসভার তৃণমূল প্রার্থী ইমানি বিশ্বাস। মুর্শিদাবাদ জেলার সুতি বিধানসভা কেন্দ্রে দল ভরসা রেখেছে তাঁর উপরেই। মঙ্গলবার প্রার্থী ঘোষণা করে তৃণমূল। আর বুধবারই ইমানি বিশ্বাস পৌঁছে যান বিড়ি শ্রমিক অধ্যুষিত মহল্যা এলাকায়।

    সুতি মূলত বিড়ি শিল্পনির্ভর অঞ্চল, এই এলাকায় অধিকাংশ বাসিন্দা এই শিল্পের উপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করেন। এ দিন ওই এলাকায় গিয়ে বিড়ি শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলেন ইমানি বিশ্বাস। তাঁদের পরিবারের সমস্যার কথা শোনেন। মুখ্যমন্ত্রীর বিভিন্ন জনমুখী প্রকল্পকে সামনে রেখে বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থী। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ানও তাঁর প্রচারের অন্যতম অস্ত্র।

    সুতি কেন্দ্র থেকেই আগেরবার জিতেছিলেন ইমানি বিশ্বাস। তাই এ বারও জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে বাংলার মানুষ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছেন। বর্তমানে পাহাড় থেকে জঙ্গলমহল—রাজ্যের সর্বত্র উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। গ্রামীণ এলাকায় লালমাটির রাস্তা থেকে পাকা ও ঢালাই রাস্তা, হাসপাতাল-সহ বিভিন্ন পরিকাঠামোর উন্নয়নে রাজ্য এগিয়ে চলেছে।’ কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও এই উন্নয়নের গতি থেমে নেই বলেও দাবি করেন তিনি।

    তিনি আরও জানান, ৪ মে রাজ্যবাসী আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। লক্ষ্মীর ভাণ্ডার, যুব সাথীর মতো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়েছেন। উন্নয়ন ও জনমুখী প্রকল্প—এই দুইকে হাতিয়ার করেই আবারও তৃণমূল কংগ্রেস সরকার গড়বে বলে আশাবাদী সুতির তৃণমূল প্রার্থী।

  • Link to this news (এই সময়)