• গাড়িতে থরে থরে লুকনো নগদ, আলিপুরদুয়ারে আটক অসমের SUV
    এই সময় | ১৯ মার্চ ২০২৬
  • রাজ্যে নির্বাচনের আবহ। ঠিক সেই সময়ে আলিপুরদুয়ার শহরে অসমের রেজিস্ট্রেশন নম্বরের একটি গাড়ি থেকে নগদ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বুধবার দুপুরে আলিপুরদুয়ার শহরের চৌপথি এলাকার ঘটনা। জেলা পুলিশের একটি টিম নাকা তল্লাশি চালাচ্ছিল, সেই সময়েই ওই টাকা পাওয়া যায়। উদ্ধার হওয়া টাকার মূল্য ২ লক্ষ ৭৫ হাজার ৩০০।

    টাকার অঙ্কের থেকেও বেশি প্রশ্ন উঠেছে গাড়িতে টাকা লুকিয়ে রাখার পদ্ধতি নিয়ে। পুলিশ সূত্রের খবর, ওই টাকা গাড়ির ড্যাশবোর্ড ও সান রুফের আড়ালে থরে থরে সাজানো ছিল। গাড়িতে ছিলেন চালক এবং এক দম্পতি। ওই দম্পতি বিকান ইশলারি এবং তাঁর স্ত্রী অসমের চিরাং জেলার বাসিন্দা।

    কী কারণে তাঁরা আলিপুরদুয়ার এসেছিলেন তা এখনও স্পষ্ট নয়। প্রশ্ন উঠেছে, ওই টাকা কেন এত কৌশল করে সান রুফে লুকোনো হয়েছিল? পুলিশের জিজ্ঞাসাবাদে মুখে কুলুপ এঁটেছেন গাড়ির সকলে। তা নিয়েও সন্দেহ ঘনীভূত হয়েছে। কী কারণে এত নগদ? কোথায় নিয়ে যাওয়ার কথা ছিল এই নগদ? এই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ।

    গাড়িটি আপাতত বাজেয়াপ্ত করা হয়েছে। হেফাজতে নেওয়া হয়েছে নগদ টাকা। তবে আপাতত গ্রেপ্তার করা হয়নি ওই দম্পতিকে। নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের এক নেতার মতে, পুলিশ খতিয়ে দেখলে সব রহস্যের সমাধান হবে।

    আলিপুরদুয়ার চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দে বলেন, ‘যদি সঠিক তথ্য প্রমাণ থাকে তবে তা পুলিশের সামনে প্রকাশ করুন ওই দম্পতি। তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে।’ জেলার পুলিশ সুপার অমিত কুমার শাহ বলেন, ‘সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছি। দ্রুত রহস্যের কিনারা করা সম্ভব হবে।’

  • Link to this news (এই সময়)