• ২৩ লক্ষেরও বেশি নামে নিষ্পত্তি, অ্যাজুডিকেশন তালিকায় আর কত জন বাকি?
    এই সময় | ১৯ মার্চ ২০২৬
  • দোরগোড়ায় রাজ্যের বিধানসভা নির্বাচন। SIR-এর ফাইনাল লিস্ট অনুযায়ী রাজ্যে অ্যাজুডিকেশন বা বিচারাধীন ছিলেন ৬০ লক্ষ ভোটার। SIR সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ভোটের আগে সাপ্লিমেন্টারি চার্জশিট প্রকাশ করতে হবে। বুধবার সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ার জানালেন, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ২৩ লক্ষ ৩০ হাজার কেসের নিষ্পত্তি হয়েছে (বিচারাধীন কেস)।

    অর্থাৎ যে ৬০ লক্ষ ভোটারের নাম বিচারাধীন তালিকায় ছিল। তাঁদের মধ্যে প্রায় অর্ধেকের ক্ষেত্রে নিষ্পত্তি হয়েছে। এছাড়া, দ্রুতই সাপ্লিমেন্টারি ভোটার লিস্টও বেরোবে। সেখানে একদিকে থাকবেন Addition আর পাশে থাকবে Deletion।

    রি-পোল কোথায় হবে, কী হলে রি-পোল হবে সেটাও স্পষ্ট করেছে কমিশন। রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, কোন‌ও বুথ এলাকার মধ্যে যে কোন‌ও জায়গায় যদি কোন‌ও ভোটারকে ভোট দিতে আটকানো হয়, কোনও বাধা দেওয়া হয় অথবা ভয় দেখানো হয়, তাহলে সেই বুথে রি-পোল করা হতে পারে। তবে শুধুমাত্র অভিযোগ হলেই হবে না, তার সঙ্গে প্রমাণও প্রয়োজন।

    ভোট প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষের যা যা অভিযোগ থাকবে, সেগুলি নিষ্পত্তির (Complaint Redressal Cell) কাজ সুষ্ঠুভাবে করার জন্য ৯ জন অতিরিক্ত আধিকারিক প্রয়োজন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। আপাতত কমিশনের আধিকারিকদের দিয়েই সেই কাজ করা হবে। তিনজন আধিকারিক ও ছয় জন মাইক্রো অবজার্ভার এই কাজ করবেন। যদিও কমিশন জানিয়েছে, এত বড় নির্বাচনের সময়ে কয়েক লক্ষ অভিযোগের নিষ্পত্তি করতে হয়। সেই কথা মাথায় রেখে প্রয়োজনে অতিরিক্ত আধিকারিক চেয়ে নবান্নের কাছে বার্তা পাঠানো হবে সিইও-র দপ্তরের তরফে।

    আপাতত টোল-ফ্রি নম্বর ১৯৫০ নম্বরে অভিযোগ জানানো যাবে। রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিকের আশ্বাস, অভিযোগ জানানোর ৮ ঘণ্টার মধ্যেই সমাধান করা হবে সব অভিযোগের। আরও একটি নম্বর চালু করা হবে বলে জানানো হয়েছে। কমিশনের ই-মেইল আইডিও সবাইকে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

    বুধবারের মধ্যেই সব অবজার্ভার পৌঁছে যাচ্ছেন রাজ্যে। ২৯৪ জন সাধারণ অবজার্ভার, ৮৪ জন পুলিশ অবজার্ভার, ১০০ জন এক্সপেন্ডিচার অবজার্ভার। তাঁরা বৃহস্পতিবার থেকেই কাজ শুরু করে দেবেন।

  • Link to this news (এই সময়)