• বারাসতে একাধিক রুটে অসহায় অবস্থা অটোচালকদের, আন্দোলনে নামছে আইএনটিটিইউসি ইছাপুরে কংগ্রেসের পথ অবরোধ
    বর্তমান | ১৮ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত ও বারাকপুর: পশ্চিম এশিয়ায় ভয়াবহ যুদ্ধের অভিঘাত সরাসরি এসে পড়েছে শহরও শহরতলির জনজীবনে। একদিকে, এলপিজির চাহিদার তুলনায় জোগান কম হওয়ায় অটো ও ক্যাব পরিষেবা মুখ থুবড়ে পড়ছে। অন্যদিকে, রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে মুখ ভার গৃহস্থের। বাণিজ্যিক সিলিন্ডারের জোগানও পর্যাপ্ত না হওয়ায় কাটছাঁট করতে হচ্ছে রেস্তরাঁর মেনু।

    বারাসতের একাধিক গুরুত্বপূর্ণ রুটে কার্যত মুখ থুবড়ে পড়েছে অটো পরিষেবা। চরম ভোগান্তিতে জেরবার হচ্ছেন নিত্যযাত্রীরা। জীবিকা নিয়ে রীতিমতো সংশয় ও অনিশ্চয়তায় দিন কাটছে অটোচালকদের। সমস্যার গুরুত্ব অনুধাবন করে আন্দোলনের পথে হাঁটতে চলেছে তৃণমূল। উদ্ভুত পরিস্থিতির কারণে যাঁরা কাজ পাচ্ছেন না বা অটো চালাতে পারছেন না, তাঁদের পাশে দাঁড়ানোর চিন্তাভাবনা করছে বারাসত সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি। বারাসত-বারাকপুর রোডে আগে যেখানে প্রায় ১০০টি অটো চলত, এখন মাত্র ৩০টি অটো রাস্তায় নামছে। টাকি রোডে ১১৬টি অটো চলত স্বাভাবিক সময়ে। এখন চলছে মাত্র ৮০টি। যশোর রোডে সমস্যা আরও প্রকট। এই রাস্তায় ৪৫০টি অটোর জায়গায় এখন চলছে মাত্র ১৭০টি। এ প্রসঙ্গে বারাসত সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি তাপস দাশগুপ্ত বলেন, ‘এটি শুধু পরিবহণের সমস্যা নয়, জীবিকার প্রশ্ন। দ্রুত সমাধান জরুরি। প্রশাসন যদি দ্রুত হস্তক্ষেপ না করে, আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।’ একইভাবে এলপিজি সমস্যায় নাকাল বারাসতের অটোচালকরাও।

    এদিকে, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার ইছাপুরে পথ অবরোধ করে কংগ্রেস। বুকে প্ল্যাকার্ড লাগিয়ে স্থানীয় বাজারে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা-কর্মীরা। তাঁদের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের ভ্রান্তনীতির জন্য মানুষ চরম বিপদে রয়েছে। তার প্রতিবাদে এই পথ অবরোধ। এই বিক্ষোভের কারণে ব্যস্ত ঘোষপাড়া রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ অবরোধ চলার পর তা উঠে যায়। কংগ্রেস নেতা অশোক ভট্টাচার্য জানান, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন চলবে।
  • Link to this news (বর্তমান)