• বাকি দেড়শো প্রার্থী বাছতে দি‍ল্লিতে বৈঠকে নমো-শাহ
    এই সময় | ১৯ মার্চ ২০২৬
  • এই সময়, নয়াদিল্লি ও কলকাতা: মঙ্গলবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে পশ্চিমবঙ্গের ২৯১টি আসনের জন্য যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, সেখানে ঠাঁই হয়‍নি রাজ্যের ৭৪ জন সিটিং বিধায়কের৷ এই তা‍লিকায় কয়েকজন মন্ত্রীও আছেন৷ সূত্রের খবর, তৃণমূলের প্রার্থী তালিকায় নাম না থাকা বেশ কয়েকজন বিধায়ক দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

    এ দিকে, বুধবার রাতে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেন শমীক ভট্টাচার্য–সহ বঙ্গ বিজেপির নেতৃত্ব। সূত্রের খবর, সেখানেই চূড়ান্ত হবে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তা‍লিকা। সব কিছু ঠিকঠাক থাকলে আজ, বৃহস্পতিবারই সেই তা‍লিকা ঘোষণা হয়ে যেতে পারে।

    বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় তৃণমূলের টিকিট না পাওয়া কোনও বিধায়কের নাম থাকবে কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সূত্রের খবর, সেই জল্পনা আরও উসকে দিয়ে তৃণমূলের টিকিট না পাওয়া কয়েকজন বিধায়ক মঙ্গলবার রাত থেকে বুধবার সকালে দিল্লি পৌঁছে গিয়েছেন। ২০২১–এ বিধানসভা নির্বাচনে অন্য দল থেকে আসা অ‍নেক নেতা–নেত্রীকে টিকিট দিয়েছিল বিজেপি। কিন্তু তাতে ভোটবাক্সে বিশেষ সুবিধা করতে পারেনি বিজেপি।

    অধিকাংশ দলবদলু প্রার্থীই হেরে গিয়েছিলেন সে বার। এ বার তাই বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, পার্টির পুরোনো নেতাদেরই টিকিট দেওয়া হবে। যার প্রতিফলন দেখা গিয়েছে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায়। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বিজেপি নেতৃত্ব যদি নিশ্চিত হন যে, তৃণমূলের টিকিট না পাওয়া বিধায়কদের মধ্যে কেউ বিজেপির টিকিটে লড়ে জিততে পারবেন, তবে তাঁকে টিকিট দিতে দেরি করবেন না অমিত শাহরা।

    বিজেপির এক সাংসদের দাবি, ‘কাকে টিকিট দেওয়া হবে, সেটা পুরোপুরি দলের সিদ্ধান্ত৷ দল যদি মনে করে, কাঁটা দিয়ে কাঁটা তোলাই উচিত কাজ হবে, তা হলে তৃণমূলের প্রার্থী হতে না–পারা বিধায়কদের মধ্যে কয়েকজনকে টিকিট দেওয়া হতেই পারে৷’ তাঁর সংযোজন, ‘ব্যক্তিগত ভাবে আমার মনে হয়, যে ৭৪ জন তৃণমূল বিধায়ক টিকিট পাননি, তাদের মধ্যে সবাই অযোগ্য নন৷ এঁদের মধ্যে অনেকেই নিজেদের ক্যারিশমায় অন্য দলের টিকিটে ভোটে জিততে পারবেন।’ তবে শেষ পর্যন্ত বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তা‍লিকায় কোনও দলবদলু থাকেন কি না, তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু ঘণ্টা। সোমবার প্রথম দফায় ১৪৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। এখনও ১৫০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি।

  • Link to this news (এই সময়)